টানা তিন দিন সূচক পতনের পর সপ্তাহের শেষ দুদিন ঘুরে দাঁড়িয়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রায় সব শেয়ারের দাম। সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার সিএসইতে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রায় সব শেয়ারের দর বেড়ে যায়। গত সপ্তাহের প্রথম তিন দিন ব্যাংকসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমে যায়। কিন্তু শেষের দুদিন সিএসইতে সূচক ও লেনদেন বেড়ে যায়। শেষ দিনে দর বৃদ্ধি সম্পর্কে নিজাম শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, ব্যাংক ও বিমা কোম্পানির শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের একটি ঝোঁক থাকে এবং অনেকেই এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ মনে করেন। পাশাপাশি অধিকাংশ ব্যাংক ও বিমা কোম্পানির লিকুইডিটি বাড়ানোর একটি বিষয় আছে যে কারণে এসব কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পাচ্ছে। অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের মোজেস বিশ্বাস জানান, শেয়ারবাজারের অন্যতম খাত ব্যাংক এবং ব্যাংকের শেয়ারের প্রতি সবার একটি আকর্ষণ থাকে। পাশাপাশি বেশির ভাগ নতুন বিনিয়োগকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে বিনিয়োগ করতে আগ্রহী যে কারণে এসব খাতের দাম বাড়ছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গত বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বাড়ে ১০৪টির, কমে ৮৪ টির এবং অপরিবর্তিত থাকে ৭টি কোম্পানির। ওই দিন সিএসইতে ব্যাংক ও বিমা খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ে এবং মোট লেনদেন হয় ৩১৪ কোটি ২৫ লাখ টাকার বেশি। ওই দিন সিএসইতে দরবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানি হচ্ছে—প্রভাতি, স্ট্যান্ডার্ড, রিপাবলিক, সোনার বাংলা ও নর্দান জেনারেল ইনস্যুরেন্স।