সপ্তাহে তিন দিন বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিক
মহেশখালীর কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না স্থানীয় লোকজন। সপ্তাহে তিন দিন বন্ধ থাকে ক্লিনিক। অথচ ছয় দিন খোলা রাখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ছয় দিনের মধ্যে তিন দিন স্বাস্থ্য সহকারী ও বাকি তিন দিন পরিবার কল্যাণ সহকারীরা বসার কথা। কিন্তু পরিবার কল্যাণ সহকারীরা তিন দিন ক্লিনিকে বসেন না। ফলে ওই তিন দিন স্থানীয় লোকজনকে ছুটতে হয় উপজেলা হাসপাতালে নয়তো হাতুড়ে চিকিৎসকের কাছে।উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ২৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ২৪টি চালু করা হয়। গত সোমবার সরেজমিনে দেখা যায়, ধলঘাটা ইউনিয়নের একমাত্র কমিউনিটি ক্লিনিকটি বন্ধ। ক্লিনিকের পাশে ছয়জন রোগী বসে আছেন। তার মধ্যে চারজন মহিলা ও দুজন পুরুষ। এ ইউনিয়নের মুহুরিঘোনার বাসিন্দা আমির হোসেন (৩৫), মনির আহমদ (৪০) ও মিনু আরা বেগম (২৫) বলেন, ‘প্রায় সময় এই কমিউনিটি ক্লিনিকটি বন্ধ থাকে। ফলে এলাকার লোকজন চিকিৎসা পাচ্ছে না।’ কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী শিব শংকর পাল জানান, ওই দিন কার্যালয়ের কাজে বাইরে থাকার কারণে ক্লিনিক খোলা রাখা সম্ভব হয়নি। প্রায় সময় ক্লিনিক বন্ধ থাকার অভিযোগ স্বীকার করেন তিনি। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, এই দ্বীপের লোকজন স্বাস্থ্যসেবা থেকে অনেক পিছিয়ে রয়েছে। মাতারবাড়ি ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকের অবস্থা আরও করুণ। সপ্তাহে ছয় দিনের মধ্যে খোলা থাকে মাত্র দুদিন। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিক সপ্তাহে ছয় দিন খোলা রাখার নিয়ম থাকলেও তা মানছেন না স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা। তবে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ওবায়েদ বলেন, ক্লিনিক তিন দিন খোলা থাকলেও বাকি তিন দিন বন্ধ থাকে। কারণ পরিবার কল্যাণ সহকারীরা ক্লিনিকে বসার কথা থাকলেও তাঁরা বসছেন না। এ ব্যাপারে মাতারবাড়ি ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী লুলু আরার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক বলেন, ‘সপ্তাহে ছয় দিন কমিউনিটি ক্লিনিক খোলা থাকবে। তার মধ্যে তিন দিন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ও বাকি তিন দিন পরিবার কল্যাণ সহকারীরা দায়িত্ব পালন করার কথা। আমার জানা মতে, ক্লিনিকে পরিবার কল্যাণ সহকারীরা না বসার কারণে সপ্তাহে তিন দিন বন্ধ থাকে।