সপ্তাহে ১২ মিনিট ব্যায়ামই যথেষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরটা ঠিক রাখতে প্রতিদিন ব্যায়ামাগারে গিয়ে কঠোর ব্যায়াম করার কোনো দরকার নেই। একটু সময় বের করে সপ্তাহে ১২টা মিনিট ব্যায়াম করতে পারলেই বেশ সুস্থ থাকা সম্ভব। নতুন এক গবেষণার পর গবেষকেরা এ কথা জানিয়েছেন।পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা নিবন্ধটি।গবেষণাটি করেছেন নরওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা দেখতে পেয়েছেন, চার মিনিট করে সপ্তাহে তিন দিন জোরালো ব্যায়াম করলে অক্সিজেন গ্রহণের হার বাড়ে এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে।ব্যায়াম করতেন না এবং শরীর মুটিয়ে গেছে তবে শারীরিকভাবে সুস্থ—এমন ২৬ জন মানুষের ওপর ১০ সপ্তাহ ধরে গবেষণাটি চালান গবেষকেরা। তাঁদের দুটি আলাদা দলে ভাগ করা হয়। একটি দলকে সপ্তাহে তিন দিন চার মিনিট করে ব্যায়াম করানো হয়। অপর দলটিকে চার মিনিট বিরতি দিয়ে তিন দফায় ৪৮ মিনিট করে ব্যায়াম করানো হয়।১০ সপ্তাহ পরে দেখা যায়, উভয় দলের সদস্যদের অক্সিজেন গ্রহণের হার বেড়েছে প্রায় সমান। যাঁরা চার মিনিট করে ব্যায়াম করেছিলেন, তাঁদের বেড়েছে ১০ শতাংশ এবং যাঁরা ৪৮ মিনিট করে করেছিলেন, তাঁদের বেড়েছে ১৩ শতাংশ। তবে যাঁরা অধিক সময় ধরে ব্যায়াম করেছিলেন, শরীরের চর্বি (কোলেস্টেরল) ক্ষয়ের দিক থেকে তুলনামূলক বেশি সুবিধা পেয়েছেন।গবেষণা নিবন্ধের লেখক আর্রন্ট এরিক টিজোন্না লিখেছেন, ‘শরীরটা ফিট রাখার জন্য খুব অল্প সময়, কিন্তু একটু শক্ত ব্যায়ামই যথেষ্ট।’ ইনডিপেনডেন্ট।