সপ্তাহের নায়ক

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তরুণ কেশব চন্দ্র রায় নানা প্রতিকূলতার মধ্যেও লেখাপড়ার পাশাপাশি নিজেকে সমাজসেবামূলক কাজে জড়িয়ে অর্জন করেছেন জাতিসংঘের সম্মানজনক ‘ইয়ুথ কারেজ অ্যাওয়ার্ড ফর এডুকেশন’ পুরস্কার। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মীর মাহমুদুল হাসান
সমাজসেবামূলক কাজে কীভাবে জড়ালেন?
সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার সময় আমার পড়ালেখা বন্ধ হয়ে যায় পারিবারিক অভাব-অনটনের কারণে। কাজ শুরু করি স্কুলের পাশে বিন্নাকুড়ি বাজারে ভাঙাড়ির দোকানে। সে সময় বাড়ির পাশে বসত সূর্যমুখী শিশু সংগঠনের সভা (বর্তমানে সূর্য উদয়)। সে সংগঠনের সভাপতি ছিলেন প্রতিবেশী বড় ভাই কাঞ্চন রায়। তিনি আমাকে আবার স্কুলে ভর্তি হতে উৎসাহিত করেন।
এক বছরের অর্জিত আয়ের কিছু অংশ জমিয়ে পুনরায় ভর্তি হই বিন্নাকুড়ি বিসি সরকার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে। সেই থেকে লেখাপড়া চলছে। এখন আমি জলঢাকা বিএম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। কাঞ্চন দাদার মাধ্যমে ওই শিশুদলের সক্রিয় সদস্য হয়ে পড়ি। বর্তমানে আমি জলঢাকা উপজেলা শিশু ফোরামের সভাপতি ও জাতীয় শিশু টাস্কফোর্সের সদস্য।
কবে পেলেন এ পুরস্কার?
১২ জুলাই। জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ও ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের হাত থেকে আমার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন শিশু উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের আমেরিকা প্রতিনিধি।
শিশুবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টি এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আমাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার পাওয়ায় গর্ডন ব্রাউনের দেওয়া অভিনন্দনপত্রে আমাকে বিশ্বের যুবসমাজের নেতা ও রোল মডেল হিসেবে উল্লেখ করা হয়েছে।
আপনার সফলতার সূচনাটা কী?
বিদ্যালয় থেকে ঝরে পড়ার কষ্টটা আমি বুঝি। তাই আমি শিশু দলের সদস্যদের নিয়ে এলাকায় শিশু অধিকার, বাল্যবিবাহ, ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরানো, স্যানিটেশন, যৌতুকসহ নানা বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে নাটক, শোভাযাত্রা ইত্যাদিতে সক্রিয় অংশ নিই। নিজের জীবনের উপলব্ধি থেকে ছুটে বেড়াতাম স্কুল থেকে ঝরে পড়া শিশুদের বাড়ি বাড়ি। অভিভাবকদের সঙ্গে কথা বলে শিশুদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করি।
এসব কাজে আপনি কতটা সফল হয়েছেন?
বন্ধুদের নিয়ে এলাকায় ২৫টি বাল্যবিবাহ বন্ধ করেছি। ওই শিশুরা এখন বিভিন্ন স্কুল-কলেজে লেখাপড়া করছে। এলাকায় ঝরে পরা অর্ধশতাধিক শিশুকে স্কুলমুখী করেছি।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
একটি শিশুও যাতে শিশুবিবাহের শিকার না হয় এবং স্কুল থেকে ঝরে না পড়ে, সে আন্দোলন চালিয়ে যাব। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আমি সারা জীবন কাজ করতে চাই।
[কেশব রায়কে নিয়ে বিস্তারিত পড়ুন আগামীকালের‘ছুটির দিনে’ পাতায়।]