২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৩ সালের মে পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন পুলিশের পরিদর্শক এস এম ফারুক হোসেন। লাইবেরিয়ার মেরিল্যান্ড কাউন্টির প্লেবোতে থাকার সময় স্থানীয় উত্তেজিত জনতার হাত থেকে তিনি এক নারীকে উদ্ধার করেন। ঘটনাটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বেশ প্রশংসিত হয়েছে।
সপ্তাহের নায়ক : এস এম ফারুক হোসেন

সেদিন আসলে কী ঘটেছিল?
আমি তখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়ার মেরিল্যান্ড কাউন্টির প্লেবোতে কর্মরত ছিলাম। আমাদের কাছে খবর এল, জাদুবিদ্যায় পারদর্শী এক নারীর বাড়ি ঘিরে ফেলেছে স্থানীয় অধিবাসীরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি জাদুবলে স্থানীয় একজনকে মেরে ফেলেছেন। তাই স্থানীয় লোকজন তাঁকেও মেরে ফেলতে চায়। খবরটি পেয়ে আমি ও আমার সহকর্মী সুইডেনের নারী পুলিশ কর্মকর্তা ক্যাটারিনা জনসন দ্রুত বেরিয়ে পড়ি। তারপর ওই নারীর বাড়িতে গিয়ে তাঁকে বের করে গাড়িতে তুলি। ওই সময় উত্তেজিত জনতা আমাদের গাড়ি লক্ষ্য করে পাথর ও ঢিল ছুড়তে থাকে। আমাদের গাড়ির গ্লাস ভেঙে যায়। আমরা নিরস্ত্র অবস্থায় সব বাধা উপেক্ষা করে ওই নারীকে গাড়িতে করে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিই।
তারপর?
আসল ঘটনা জানার পর মেরিল্যান্ডের স্থানীয় পুলিশপ্রধান ও মেয়র আমাদের দুজনকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপপ্রধান জন নিলসেন লেটার অব অ্যাপ্রেসিয়েশন দিয়ে সম্মানিত করেছেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নিয়মিত একটি প্রকাশনা আছে, সেখানে আমাদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।
আমি মনে করি, এসব ছোট ছোট ঘটনার মধ্য দিয়েই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। শান্তিরক্ষা মিশনে আমাদের সুনাম রয়েছে। আমাদের দেশেও ধীরে ধীরে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
এ ঘটনার পর আপনার অনুভূতি কেমন?
আসলে কাজটা করার সময় এত কিছু মাথায় ছিল না। আমি আমার দায়িত্ববোধ থেকেই এমন কাজ করেছি।