সপ্তাহের শেষ দিনে সিএসইতে সূচক কমেছে ২৯৭ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন গত বৃহস্পতিবার দেশের দুটি শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৯৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৮১৬ পয়েন্টে নেমে আসে।এদিন ৬ শতাংশ শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৯১ শতাংশ শেয়ারের দরপতন ঘটে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে মাত্র ১৬টির। অপরদিকে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল তিনটির। শেয়ারের এ ধরনের দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েন। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত জুলাই মাসে লেনদেন ও সূচক বাড়ার কারণে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসতে থাকে। হারানো আস্থা ফিরে পাচ্ছিলেন বিনিয়োগকারীরা। এ ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে শেয়ারের চাহিদাও বেড়ে যায়। এ অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ারের সরবরাহ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে থাকে। কিন্তু টানা দর বৃদ্ধির পরে দরপতন শুরু হওয়ায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আবারও সংশয় তৈরি হয়। বাজার বিশ্লেষকেরা একে বাজার সংশোধন বলে ধরে নেন। তাঁদের ধারণা, এরই প্রতিক্রিয়ায় গত ২৫ জুলাই থেকে ক্রমাগত দরপতন হচ্ছিল। এই পরিস্থিতিতে কারসাজির দায়ে কয়েকজন অভিযুক্ত বিনিয়োগকারীর বিরুদ্ধে এসইসি কর্তৃপক্ষের মামলা করার ঘোষণা বড় ধরনের দরপতন ঘটায় শেয়ারবাজারে। অভিযুক্ত এসব বড় বিনিয়োগকারী বাজার প্রভাবিত করতে পারেন—এমন শঙ্কা থেকেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি শুরু করেন। দরপতন বিষয়ে বাজার বিশ্লেষক ও বি রিচ ব্রোকারেজ হাউসের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। এ নিয়ে যেকোনো ধরনের মন্তব্য বাজারকে প্রভাবিত করে।’সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ মনে করেন, বিনিয়োগকারীদের হতাশ হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাঁর মতে, ভালো মৌলভিত্তির শেয়ার দেখে লেনদেন করলে কোনো ঝামেলায় পড়তে হবে না।