সফটওয়্যার খাতে অপার সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সফটওয়্যার খাতে কাজের পরিধি বাড়ছে। সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাফিক পিপলের অফিস থেকে ছবি তুলেছেন মনিরুল আলম
দেশে সফটওয়্যার খাতে কাজের পরিধি বাড়ছে। সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাফিক পিপলের অফিস থেকে ছবি তুলেছেন মনিরুল আলম

আপনি আইটি-সম্পর্কিত বিষয়ে পড়েন বা না পড়েন, এই খাতে আপনার কাজের সুযোগ আছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য তালিকায় আছে আট শর বেশি সফটওয়্যার প্রতিষ্ঠান। এখানে সরাসরি যুক্ত আছেন ৮০ হাজার মানুষ। দেশে বসে বিদেশের সফটওয়্যারনির্ভর নানা কাজের সমাধান দিচ্ছেন এমন ফ্রিল্যান্সারের সংখ্যা ৬০ হাজারের ওপর। এ ছাড়া টেলিকম, ব্যাংক, গার্মেন্টস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যারনির্ভর সেবা দিচ্ছে আরও ১ লাখ ১০ হাজার মানুষ। বেসিস বলছে, সব মিলিয়ে আড়াই লাখ মানুষ বর্তমানে সফটওয়্যারনির্ভর পেশার সঙ্গে যুক্ত। এ ছাড়া এর সঙ্গে সম্পর্কিত নানা কাজের সঙ্গে তো আছেই। বেসিসের প্রেসিডেন্ট শামিম আহসান বলেন, ‘আমাদের দেশে সফটওয়্যারনির্ভরতা বাড়ছে। আর এ জন্য কাজের পরিধি বাড়ছে। আগামী কয়েক বছরের মধ্যে এই খাত আরও অনেক বড় হবে।’ ২০১৮ সালের মধ্যে ১০ লাখ লোক এই পেশায় যুক্ত হবে বলে মনে করেন তিনি। 

বেসিস থেকে জানা গেছে, এই খাতের একটা বড় কাজ করেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। তাঁরা মূলত বিভিন্ন সফটওয়্যার তৈরি বা উন্নয়নের কাজ করেন। এ ছাড়া কোরিং, টেস্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজও তাঁরা করে থাকেন। সফটওয়্যার খাতের একটি উল্লেখযোগ্য কাজ করা হয় বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) কাজে। ডেটা এন্ট্রি, কনটেন্ট লেখা, এইচআর-সম্পর্কিত কাজসহ নানা কাজ এর মধ্যে রয়েছে। এ ছাড়া থ্রিডি অ্যানিমেশন ও গ্রাফিক ডিজাইনের কাজও এই খাতের একটি উল্লেখযোগ্য কাজ। এর মধ্যে রয়েছে থ্রিডি সফটওয়্যার গেম, থ্রিডি চলচ্চিত্র তৈরির কাজ।

থাকারাল ইনফরমেশনস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী শাহজামান মজুমদার বলেন, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোতে সফটওয়্যারনির্ভর কাজ বেশি হয়। এরপরে ব্যাংকের ব্যবহার বেশি। এ ছাড়া বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান হিসাব-নিকাশ বা কর্মী ব্যবস্থাপনা, নিরাপত্তা, ডেটা সংরক্ষণসহ নানা কাজে সফটওয়্যারের সাহায্য নেওয়া হচ্ছে। এতে কাজের সুযোগ বাড়ছে। তাঁর মতে, এই খাতে কাজ জানলে বসে থাকতে হয় না।
একই কথা বললেন সফটওয়্যার ও আইটি সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাফিক পিপলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহী। তিনি বলেন, বর্তমানে দেশে ব্যাংকিং খাতে সফটওয়্যারকেন্দ্রিক বিভিন্ন সেবা ছাড়াও স্বাস্থ্য, মোবাইল ফোনভিত্তিক অ্যাপলিকেশন তৈরির কাজ বাড়ছে। যেখানে তরুণেরা নানা ধরনের কাজ করতে পারেন।

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রাইট ব্রেইন সলিউশনের প্রধান নির্বাহী নূর খান বলেন, ‘এখন আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান বিশ্বের নামকরা নানা প্রতিষ্ঠানের ওয়েবসাইটকেন্দ্রিক সেবা দিচ্ছে। ওয়েবসাইট তৈরি, ডিজাইন, হালনাগাদ, রক্ষণাবেক্ষণ করার কাজও এখানেই হচ্ছে। ফলে এখানে যুক্ত রয়েছে অনেকে।’ শামিম আহসান জানান, ‘বাংলাদেশে তৈরি সফটওয়্যার বিশ্বের ৩০টি দেশে ব্যবহৃত হচ্ছে। এগুলো নির্মাণ করেছেন আমাদের দেশের সফটওয়্যার নির্মাতারা। যাঁদের অধিকাংশই তরুণ। সফটওয়্যার নির্ভর কাজের বাইরে ব্যবসাসংক্রান্ত কাজে তথা ই-কমার্সের প্রসার হচ্ছে বাংলাদেশে। আর এখানেও অনেক লোকবল দরকার।
সফটওয়্যার খাতে যেহেতু কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, সে জন্য তরুণদের এই নির্ভর পড়াশোনা আরও জোরদার হওয়া দরকার বলে মনে করেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের ডিরেক্টর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান। তিনি বলেন, যাঁরা আইটি নিয়ে পড়ছেন, তাঁদের অত্যন্ত দক্ষ হতে হবে। ভালো ইংরেজি জানতে হবে। দক্ষতা দেখাতে পারলে সেটি বেতনের পরিমাপক হবে। আর দক্ষ হতে গেলে পড়াশোনার পাশাপাশি ছোট ছোট প্রজেক্ট করতে হবে। এভাবে বড় কাজের সুযোগ আসবে। তিনি আরও জানান, অভিজ্ঞতা থেকে বলা যায়, সফটওয়্যারনির্ভর প্রতিষ্ঠানগুলো নিয়োগের সময় দেখে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট পড়াশোনার সময় কতটা ব্যবহারিক কাজে যুক্ত আর কতটা সফল। সেটাই হয় নিয়োগ ও বেতনের নির্ধারক।
শামিম আহসান জানালেন, সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে আপনাকে আইটি জানতে হবে বিষয়টি এমন নয়। আগ্রহ থাকলেই চলবে। নূর খানও একই মত দিলেন। তিনি জানালেন, তাঁর প্রতিষ্ঠানের একজন প্রোগ্রামার আছেন, যিনি এসএসসি পর্যন্ত পড়েছেন। কিন্তু দক্ষতার জন্য তাঁর বেতন দুই লাখ টাকা।

সফটওয়্যারনির্ভর প্রশিক্ষণের জন্য বেসিস একটি কার্যক্রম পরিচালনা করে আসছে। বাজারে কোন ধরনের চাকরি প্রয়োজন, তা যাচাই করে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে তথ্য পাওয়া যাবে (bitm.org.bd)। এ ছাড়া সরকার সম্প্রতি ফ্রেশ গ্র্যাজুয়েটদের সফটওয়্যার-সম্পর্কিত বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এলআইসিটি প্রজেক্টের মাধ্যমে
( www.lict.gov.bd)। সেখানেও পেতে পারেন বিনা মূল্যের প্রশিক্ষণ।