সফটওয়্যার মুক্ত দিবসে ‘মুক্ত দর্শন মুক্ত সংস্কৃতি’ নিয়ে গণ-আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ সেপ্টেম্বর ছিল সফটওয়্যার মুক্ত দিবস। এ উপলক্ষে জামাল খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় মুক্ত দর্শন, মুক্ত সংস্কৃতিবিষয়ক গণ-আড্ডা। এর আয়োজন করে আইইউবি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব। আবৃত্তি, গান, তর্ক-বিতর্ক, যুক্তি, দর্শন—সব মিলিয়ে জমজমাট ছিল আয়োজনটি।অনুষ্ঠান প্রসঙ্গে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আইইউবি চ্যাপ্টারের সমন্বয়কারী ও আইইউবির প্রভাষক সৌমিত্র পালিত বলেন, ‘মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তাঁর চিন্তাশক্তি, বুদ্ধি এবং প্রজ্ঞা। এর চেয়েও বড় কথা, মানুষ তাঁর এসব গুণ সমাজের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে। আর এভাবে বহুজনের জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয় গোটা বিশ্ব। জ্ঞানের এই মুক্ত বিকাশ ও বিচরণের দর্শন তুলে আনা হয়েছে আমাদের আড্ডায়।’গণ-আড্ডার শুরু হয় সফটওয়্যার মুক্ত দিবসের ওপর লেখা গান দিয়ে। দুই পর্বের আড্ডার প্রথম পর্বের বিষয় ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, সংস্কৃতি ও গান। এতে অংশ নেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, সংস্কৃতিকর্মী আলম খোরশেদ, সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক নাসিরুল হক, কবি কামরুল হাসান প্রমুখ। আড্ডার সমম্বয়কারী ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। এ পর্বের মুক্ত আলোচনায় উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। চট্টগ্রামের অধিকাংশ মানুষ কেন মান বাংলা ভাষায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে না, এ নিয়ে ছোটখাটো একটি বির্তক হয়ে যায় এতে। বর্তমান এ পৃথিবীতে এগিয়ে যেতে হলে আমাদের জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। জ্ঞান-বিজ্ঞানের মাধ্যম হচ্ছে বই। কিন্তু চট্টগ্রামে বইয়ের দোকান শুধু চেরাগী পাহাড় আর কিছু নির্দিষ্ট এলাকাকেন্দ্রিক। ভবিষ্যতে পতেঙ্গার মানুষও যেন মুঠোফোন ব্যবহার করে বই কিনতে পারে সে সুযোগ তৈরির তাগিদ দিলেন নতুন প্রজন্মের প্রযুক্তি-কারিগরদের। আড্ডার দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ছিল ওপেন সোর্স এবং এর প্রসার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এ আয়োজন। তথ্যপ্রযুক্তি খাতে আমাদেরও সম্ভাবনা এবং সংকটের কথা তুলে ধরা হয় এতে। উন্মুক্ত, স্বচ্ছ এবং সৃজনশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বস্তরে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারকে একটি আন্দোলনে পরিণত করার আহ্বান জানানো হয়। আড্ডায় গান ও আবৃত্তি করেন আইইউবির শিক্ষার্থী আইনান ও নাহিদ।নিজস্ব প্রতিবেদক