সফটওয়্যার মেলায় তারুণ্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মেলা শেষ হয়েছে। তারপরও রাস্তায় কিসের এত ভিড়! এ নিয়ে চোখমুখে বিস্ময়ের শেষ নেই এক অটোরিকশাচালকের। রাস্তার পাশ দিয়ে হাঁটতে গিয়ে চোখে পড়ে শত শত ব্যানার আর ফেস্টুন। একদিক দিয়ে দলেদলেমানুষ ঢুকছে আর অন্যদিক দিয়ে বেরিয়ে আসছে। সেই সব মানুষের মুখে মুখে নানা ধরনের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পণ্যের কথা শোনা যাচ্ছে।দৃশ্যটি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র ও এর আশপাশের এলাকার।এখানে এখন চলছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের মেলা।ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হয়েছে ‘বেসিস সফটএক্সপো ২০১১’ নামের এ মেলা।এর আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।মেলার স্লোগান হলো ‘ডিজিটাল বাংলাদেশ ইন অ্যাকশন।’ পাঁচ দিনের এ মেলা চলবে আগামীকাল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।বড় মেলার বড় আয়োজনএবারের মেলার আয়োজন, আকার, আয়তন ও বৈচিত্র্য—সব দিক থেকেই আগের যেকোনো সময়ের চেয়ে বড়।এতে দেশি ১১০টি এবং বিদেশের ১০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর জানান, ‘অন্যবারের মেলার চেয়ে এবারের মেলার আয়োজন ব্যাপক। এবারের মেলায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য নানা ধরনের প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেলায় আগত দর্শকেরা যেন তাদের আগ্রহের বিষয়গুলো একসঙ্গে দেখতে পারে এ জন্য মেলাকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে।’ এবারের মেলায় দেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাদাতা প্রতিষ্ঠানগুলো মূলত ব্যবসায়িক সফটওয়্যার, আউটসোর্সিং, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন, গেমস, তারহীন যোগাযোগ প্রযুক্তি, ই-কমার্স, ই-গভর্নেন্স, হার্ডওয়্যার প্রযুক্তি সমাধান, টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং, তথ্যপ্রযুক্তি শিক্ষা, অর্থায়ন ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন খাতের নানা সেবা ও পণ্য তুলে ধরছে। তথ্যপ্রযুক্তির বৈচিত্র্যময় জগৎএবারের সফটওয়্যার মেলায় রয়েছে বেশ কিছু নতুন ও বৈচিত্র্যময় প্রযুক্তির নমুনা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান এন্টারপ্রাইস রিসোর্স প্ল্যানিং (ইআরপি), অফিস ব্যবস্থাপনা ও ব্যবসা ব্যবস্থাপনার সফটওয়্যার প্রদর্শন করছে। এ ছাড়া আবাসন, নিরাপত্তা, হাসপাতাল, দোকান, ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন নিরাপত্তা ও হিসাব সংরক্ষণ এবং মানবসম্পদ ব্যবস্থাপনার সফটওয়্যারগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আছে বাংলাদেশি নির্মাতাদের তৈরি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল তৈরি ও ব্যাংক ব্যবস্থাপনার মতো সফটওয়্যারও। এবারের মেলায় অনলাইনে কেনাবেচা অর্থাৎ ই-কমার্স বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান হাতেকলমে দর্শকদের এ বিষয়গুলো শিখিয়ে দিচ্ছে এবং নানা প্রশ্নের উত্তর দিচ্ছে। পাশাপাশি মেলা উপলক্ষে কিছুটা ছাড়ে বিভিন্ন পণ্য কেনার সুযোগ দিচ্ছে। বিভিন্ন সফটওয়্যারের পাশাপাশি বিনোদন, খেলা, শিশুদের মাল্টিমিডিয়া ও কার্টুন এবং অ্যানিমেশনের সফটওয়্যারও আছে মেলায়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) স্টলে আছে উবুন্টুর সর্বশেষ সংস্করণ, উইকিপিডিয়াসহ বেশ কিছু মুক্ত সফটওয়্যার। মেলায় এবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান মানুষের চাহিদা বুঝে সে অনুযায়ী বিভিন্ন সফটওয়্যার তৈরি করে দিচ্ছে। মোবাইল ফোনের ক্ষেত্রেও একই সেবা দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। এবারের মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক গ্রামীণফোন আইটি। এই প্রতিষ্ঠানের প্যাভিলিয়নে যোগাযোগব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা, মোবাইল ব্যাংকিং গ্রাহক সেবাব্যবস্থাপনা ছাড়াও সর্বপ্রকার কম্পিউটারবিষয়ক সেবার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন ডিজাইন করার সফটওয়্যার, অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনেছে সম্পূর্ণ বাংলায় মুক্ত সফটওয়্যার ওপেন অফিস, ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার ফায়ারফক্স, ই-মেইল ক্লায়েন্ট থান্ডারবার্ড, ভিএলসি মিডিয়া প্লেয়ারের একটি প্যাকেজ। এতে যুক্ত রয়েছে বাংলা বানান পরীক্ষক। এ ছাড়া www.champs21.com অনলাইনে শিক্ষার্থীদের বিভিন্ন লেখাপড়া ও পরীক্ষার ব্যবস্থা চালু করেছে। মেলায় অংশ নেওয়া নেদারল্যান্ডের প্রতিষ্ঠান অটোস অরিজিনের প্রকল্প ব্যবস্থাপক উইলিয়াম বলেন, ‘এবারই বাংলাদেশে প্রথম এসেছি। এখানে এসে তথ্যপ্রযুক্তির যে বিকাশ দেখছি, তা সত্যিই অবাক করার মতো। বিশেষ করে এখানকার দেশি বিভিন্ন সফটওয়্যার আমাদের আগ্রহী করে তুলছে। এ মেলায় অংশ নিতে পেরে নিজেদের অনেক গর্বিত মনে করছি।’মেলার দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনার মাধ্যমে সুবিধা যাচাই করতে পারছেন। এর ফলে দেশের সফটওয়্যার খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হওয়ার সুযোগ থাকছে। মেলায় এবারই প্রথম যোগ হয়েছে ‘আইটি জব ফেয়ার’। ২ ও ৩ ফেব্রুয়ারি চাকরির এ মেলা হয়েও গেছে।আমরা তরুণ প্রাণতরুণ প্রজন্ম সব সময় তথ্যপ্রযুক্তিনির্ভর মেলাগুলোতে অংশ নিতে মুখিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এবারের মেলায় এ দৃশ্য যেন আরও বেশি করে দেখা যাচ্ছে। বেসিসের সভাপতি মাহাবুব জামান বলেন, ‘তরুণদের মধ্যে লুকায়িত বিভিন্ন প্রতিভা খুঁজে বের করার জন্য আমরা “কোড ওয়ারিয়র” এবং আউটসোর্সিং কাজ করেন এমন মুক্ত পেশাজীবীদের জন্য “ফ্রিল্যান্সার পুরস্কার” উদ্ভাবনীমূলক আইটি প্রকল্পের প্রতিযোগিতা “আবিষ্কারের খোঁজে”-এর আয়োজন করেছি।’ মেলায় আগত মানুষের সবচেয়ে বেশি কৌতূহল এই তরুণদের নানা চমকপ্রদ উদ্ভাবনকে ঘিরে। তরুণদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের মধ্য থেকে নির্বাচিত এসব প্রতিযোগিতার বিভিন্ন প্রকল্প মেলায় দেখানো হচ্ছে। এখন অনেক শিক্ষার্থীর মোবাইল ফোনে তারহীন ব্লুটুথ থাকে। এই সুবিধাকে কাজে লাগিয়ে কোনো ধরনের রোল ডাকা ছাড়াই শুধু একটি ব্লুটুথযুক্ত যন্ত্র সার্চ দিলেই কতজন শিক্ষার্থী উপস্থিত আছেন তা গণনা করা সম্ভব। এ প্রকল্পটি তৈরি করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সালেহ।দৃষ্টিপ্রতিবন্ধীদের লেখাপড়ার সুবিধার জন্য বাংলা লেখাকে ব্রেইলের লেখায় রূপান্তরের প্রকল্পটি উদ্ভাবন করেছেন সদ্য স্নাতক আহমেদ ইমতিয়াজ খান নামের এক তরুণ।একটি গাড়ির চুরি ঠেকাতে নানা উপায় উদ্ভাবন করেছেন কাজী বজলুর রহমান নামের এক তরুণ। এই উদ্ভাবনের দ্বারা মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির অবস্থান যেমন শনাক্ত করা যাবে, তেমনি এ গাড়িকে ফোনের মাধ্যমেই বন্ধ বা চালু করা যাবে। দারুণ এক রোবট নির্মাণ করেছেন খুলনা তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, যে রোবট রাস্তায় পড়ে থাকা বিভিন্ন বস্তু তুলে নিয়ে নিজের কাছে থাকা একটি থলেতে রাখবে। এ রকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের প্রকল্প সবার সামনে তুলে ধরছেন। এই তরুণদের এমন অংশগ্রহণে মেলায় যোগ হয়েছে বাড়তি মাত্রা।আগ্রহ আছে আউটসোর্সিংয়েআমাদের দেশ কয়েক বছরে আউটসোর্সিংয়ে বেশ এগিয়ে গেছে। সম্প্রতি গার্টনারের আউটসোর্সিংয়ে বিশ্বের সেরা ৩০টি দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। অন্যান্য সফল খাতের মতো তথ্যপ্রযুক্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমেও সফলতা সম্ভব। গত কয়েক বছরে বাংলাদেশে ইন্টারনেটের সহজলভ্যতা যেমন বেড়েছে, সেই সঙ্গে আউটসোর্সিংয়ের সুযোগও বেড়েছে। আর এসব কারণে অনেকের আগ্রহ এই দিকে। বিশেষ করে অনলাইনে আয় করার বিষয়টি এখন সবার মুখে মুখে। এ-সংক্রান্ত নানা নির্দেশিকাও মেলায় পাওয়া যাচ্ছে। মেলায় বিভিন্ন আউটসোর্সিং প্রতিষ্ঠান আছে তাদের পণ্য ও সেবাকে পরিচয় করিয়ে দিচ্ছে।সফটওয়্যার মেলায় নানা আয়োজনপাঁচ দিনের এই সফটওয়্যার মেলায় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শনী ছাড়াও রয়েছে বেশ কিছু আয়োজন। তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঁচ দিনে তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বাজারের জন্য দক্ষ জনবল, তথ্যপ্রযুক্তিতে নারীদের সম্ভাবনা, আয়ের উৎস হিসেবে তথ্য ও ডেটা সেন্টার প্রভৃতি বিষয়ে মোট ২০টি সেমিনার ও গোলটেবিল আলোচনা হচ্ছে।আজ রাতে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের বিশেষ অনুষ্ঠান ‘অ্যাওয়ার্ড নাইট’-এ বিভিন্ন প্রতিযোগী ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। শিক্ষার্থীরা মেলায় ঢুকতে পারছে বিনা মূল্যে। মেলা প্রাঙ্গণ সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে। মেলা শেষ হবে আগামীকাল।