সফল ডিজাইনার সফল উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউসিয়া প্রাডা
মিউসিয়া প্রাডা

ইতালির জনপ্রিয় দুই ফ্যাশন ব্র্যান্ড ‘প্রাডা’ ও ‘মিউ মিউ’। এই দুটি ব্র্যান্ডের নকশা করা পোশাক আর অন্যান্য পণ্য শুধু ইতালিতেই নয় গোটা দুনিয়াতেই জনপ্রিয়। এই দুই প্রতিষ্ঠানের প্রধান ডিজাইনার ও উদ্যোক্তা মিউসিয়া প্রাডা। ২০১৩ সালে গার্ডিয়ান-এর করা সেরা ৫০ নকশার পোশাকের তালিকায় জায়গা করে নিয়েছিল প্রাডার পোশাক। পারিবারিকভাবেই ব্যবসার সঙ্গে জড়িত প্রাডার জন্ম ইতালির মিলানে ১৯৪৯ সালে। প্রাডা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা মারিও প্রাডার নাতনি তিনি। পারিবারিক প্রাডা ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন। পাশাপাশি ১৯৯৩ সালে মিউসিয়া প্রাডার উদ্যোগে চালু হয় মিউ মিউ ব্র্যান্ড।
যুক্তরাষ্ট্রের কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনার্সের পুরস্কারপ্রাপ্ত প্রাডা পড়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানে। চলতি বছরের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের করা বিশ্বের সেরা প্রভাবশালী ৭৫ নারীর মধ্যে স্থান হয়েছে প্রাডার।
১৯৮৫ সালে নারীদের জন্য বিশেষ একটি হাতব্যাগ নকশার মাধ্যমে ফ্যাশন ডিজাইনে যুক্ত হন প্রাডা। পরবর্তী সময়ে নতুন নতুন নকশা আর পোশাক তৈরি করা শুরু করেন।
কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। ২০১০ সালে পেয়েছেন টার্নার পুরস্কার। গত বছর আন্তর্জাতিক ডিজাইনার হিসেবে পেয়েছে ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের মা প্রাডা এখনো নিজের প্রতিষ্ঠান এবং নিজের ডিজাইন নিয়েই কাজ করে যেতে চান। শিল্পকর্ম সংগ্রহের ক্ষেত্রে বিশেষ আগ্রহ রয়েছে তাঁর।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: ফোর্বস, উইকিপিডিয়া