সফল ড্রপআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ছেড়ে রূপালি পর্দায়

ক্রিস্টিনা অ্যাপেলগেট
ক্রিস্টিনা অ্যাপেলগেট

নব্বই দশকের বিখ্যাত অভিনেত্রী ক্রিস্টিনা অ্যাপেলগেট। নাচ আর অভিনয়ের জন্য কৈশোর থেকেই রুপালি পর্দায় তাঁর জনপ্রিয়তার ছোঁয়া দেখা যায়। জন্ম ক্যালিফোর্নিয়ার হলিউডেই; বাবা ছিলেন সংগীত প্রযোজক আর মা ছিলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী ন্যান্সি লি প্রিডে। মাত্র তিন বছর পাঁচ মাস বয়সে বিজ্ঞাপনের শিশু মডেল হিসেবে পর্দায় তাঁর অভিষেক হয়। সাত বছর বয়সে হলিউডি সিনেমার পর্দায় দেখা যায় তাঁকে। মায়ের উৎসাহে শৈশবেই সিনেমার দুনিয়াতে অ-আ-ক-খ শেখা শুরু করেন তিনি। স্কুলের নিবন্ধন খাতায় তৃতীয় শ্রেণি পর্যন্ত তাঁর নাম ছিল, ধীরে ধীরে অভিনয় আর রুপালি পর্দার ব্যস্ততার কারণে সেই নামও কাটা পড়ে। টিভি সিরিজ ম্যারিড...উইথ চিলড্রেন কিংবা ডোন্ট টেল মাম দ্য বেবিসিটারস ডেডের মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। নিউইয়র্ক ম্যাগাজিন অবলম্বনে।

ক্লাস পালিয়ে বিশ্ববিদ্যালয়ের কনসার্টে

এনরিক ইগলেসিয়াস
এনরিক ইগলেসিয়াস

আলোচিত মার্কিন স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াস। তাঁর বাবাও ছিলেন জনপ্রিয় গায়ক আর মা ছিলেন সাংবাদিক। কৈশোরে মা-বাবার সাংসারিক টানাপোড়েনে একাকী বেড়ে ওঠেন এনরিক। বাড়ির আয়া এলভিরা অলিভারেসের কাছেই হাতেখড়ি হয় তাঁর। ফ্লোরিডার সবচেয়ে ভালো স্কুলগুলোর একটি, গালিভার প্রিপারেটরি স্কুলে পড়ালেখা করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন ব্যবসায় শিক্ষা। কিন্তু পাঠ্যবইয়ের চেয়ে গান-বাজনাতেই বেশি আগ্রহ ছিল তাঁর। একসময় ক্লাস বা লাইব্রেরিতে সময় না দিয়ে গানের ক্যাফেগুলোতে যাতায়াত শুরু করেন। আয়ার কাছ থেকে টাকা ধার করে একটা গানের ক্যাসেটও বের করেছিলেন তিনি। শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর বহুবার বহু বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন। তবে পড়াশোনার জন্য নয়, কনসার্টে গান গাইতে!
বিলবোর্ড ডট কম অবলম্বনে।