সফল ড্রপআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন অ্যাফ্লেক
বেন অ্যাফ্লেক

বিশ্ববিদ্যালয় ছেড়ে সিনেমায়
দুবার অস্কার ও তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার বিজয়ী মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেক। বেনের ঝুলিতে গুড উইল হান্টিং, শেকসপিয়ার ইন লাভ, পার্ল হারবার-এর মতো সিনেমা জমা আছে। বেনের বাবাও ছিলেন অভিনেতা আর মা ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। হাইস্কুলে বেনের প্রিয় বিষয় ছিল ড্রামা। স্কুলে বেনের বন্ধু ছিল এখনকার আরেক হলিউড তারকা ম্যাট ডেমন। স্কুলের ছুটিতে গ্রীষ্মকালে দুজনে মিলে সিনেমা হলেও কাজ করেন। হাইস্কুলে অনুপস্থিতির জন্য নিয়মিত শোকজ খেতেন বেন। স্কুলের পড়াশোনা শেষ করে ভারমন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। কিন্তু দুমাসের মধ্যে ভারমন্ট ছেড়ে লস অ্যাঞ্জেলেসে এসে অক্সিডেন্টাল কলেজে মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিষয়ে ভর্তি হন। কিন্তু দেড় বছরের মাথায় গুড উইল হান্টিং সিনেমার চিত্রনাট্য লেখার জন্য বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান বেন।
সূত্র: রোলিং স্টোন ম্যাগাজিন

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

পড়াশোনাকে বিদায়
একুশ বছর বয়সেই ওম শান্তি ওম সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়ে দেন দীপিকা পাড়ুকোন। ডেনমার্কে জন্ম এই তারকার। বাবা ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। বেঙ্গালুরুর সোফিয়া হাইস্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন দীপিকা। উচ্চমাধ্যমিক শেষে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। পড়ার বিষয় হিসেবে বেছে নেন সমাজবিজ্ঞান। ক্লাস টেন থেকে শখে মডেলিং জগতে পা রাখেন দীপিকা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে পুরোদমে মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। আর তাতেই পড়াশোনা লাটে ওঠে তাঁর। বছর খানেকের মধ্যে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানিয়ে বলিউডে ব্যস্ত হয়ে পড়েন এই তারকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া