সফল ড্রপআউট

স্যাট পরীক্ষায় ১৬০০!
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন। তাঁর স্কুলপর্যায়ের পড়াশোনা শেষ হয় লেকসাইড স্কুলে। এখানেই তাঁর পরিচয় হয় বিল গেটসের সঙ্গে। যদিও বিল ছিল তাঁর চেয়ে তিন বছরের ছোট। স্কুলের পড়াশোনা শেষে স্যাট পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান পল। স্যাট পরীক্ষায় পল ১৬০০ নম্বরে ১৬০০-ই পান! শতভাগ নম্বর পেয়ে ভর্তি হন ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ে। কিন্তু দুই বছর পড়াশোনা করেই বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান তিনি। শুধু নিজেই ড্রপ আউট হননি, পলের উসকানিতে বিল গেটসও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকে বিদায় জানান। দুই ড্রপ আউট মিলে ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

লেখাপড়া বাদ দিয়ে চলচ্চিত্রে
বলিউডের তিন খানের সঙ্গেই তাঁর শতকোটি আয় করা চলচ্চিত্র আছে। থ্রি ইডিয়টস, বডিগার্ড আর রা ওয়ান চলচ্চিত্রের নায়িকা তিনি। সেই কারিনা কাপুরেরও নাম আছে ড্রপ আউটদের তালিকায়। দেরাদুনের উইলহেম গার্লস স্কুল থেকে স্কুলের পড়ালেখা শেষ করেন কারিনা। স্কুলে সব বিষয়ে ভালো গ্রেড পেলেও গণিতে বেশ কাঁচা ছিলেন তিনি। মুম্বাইয়ের মিথিবাই কলেজ থেকে পড়াশোনা শেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাইক্রোকম্পিউটারের ওপরে তিন মাসের সামার কোর্সে ভর্তি হন তিনি। কিন্তু পরে মুম্বাইয়ের সরকারি ল কলেজে ভর্তি হন তিনি। কিন্তু ভর্তির এক বছরের মধ্যে পড়ালেখা লাটে উঠিয়ে তিনি চলচ্চিত্র জগতে পা রাখার সিদ্ধান্ত নেন।