সফল ড্রপআউট

পড়ালেখা ছেড়ে রুপালি পর্দায়
পুরো নাম আবদুল রাশিদ সেলিম সালমান খান। সবাই তাঁকে চেনে সালমান খান নামেই। বলিউডের আলোচিত ‘হিরো’ ‘লাভার বয়’ সালমান খান। ঠিকঠাকমতোই মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ছিলেন তিনি। ভারতের মুম্বাইয়ের সেন্ট স্টানিসলাউস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন তিনি। বান্দ্রার ন্যাশনাল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেও শেষ পর্যন্ত পড়ার টেবিলে মন বসাতে পারেননি সালমান। ২৩ বছর বয়সে বিবি হো তো অ্যায়েসি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডের রুপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ক্লাস পালিয়ে কোটিপতি
মা-বাবার ইচ্ছে ছিল মেয়ে রসায়নবিদ হবেন। কিন্তু সেই মেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে হয়ে গেলেন কোটিপতি। যাঁর কথা বলা হচ্ছে তিনি এলিজাবেথ হোমস। মাত্র ৩০ বছর বয়সেই পৃথিবীর সেরা ৪০০ ধনীর তালিকায় ওঠে তাঁর নাম। এলিজাবেথ বিখ্যাত মার্কিন চিকিৎসাসেবা প্রতিষ্ঠান থেরানসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ২০০২ সালে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট স্কলারশিপ নিয়ে রসায়নবিদ্যায় পড়াশোনার জন্য ভর্তি হন এলিজাবেথ। কিন্তু এক সেমিস্টার শেষে পড়াশোনাকে বিদায় জানান তিনি। মাত্র ১৯ বছর বয়সে শিক্ষকের সহযোগিতায় এলিজাবেথ প্রতিষ্ঠা করেন থেরানস। পড়াশোনা করেই যে বিজ্ঞানী হতে হবে এমন নিয়মের তোয়াক্কা না করা এলিজাবেথের এখন চিকিৎসা-সংক্রান্ত ৮৪টি উদ্ভাবন স্বত্ব আছে। বর্তমানে স্কুল পালানো এই নারী ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক। ফোর্বস-এর শীর্ষ ধনীর তালিকায় তাঁর অবস্থান ১১১। সূত্র: ওয়াশিংটন পোস্ট