সফল তাঁরা সব জায়গাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ দিক থেকে: মুক্তা ধর, মাকসুদা আক্তার খানম ও শাহনাজ পারভীনকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাঁ দিক থেকে: মুক্তা ধর, মাকসুদা আক্তার খানম ও শাহনাজ পারভীনকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুক্তা ধর, মাকসুদা আক্তার খানম ও শাহনাজ পারভীন—পুলিশ কর্মকর্তা। পুলিশের এই তিন নারী কর্মকর্তা এবার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)। কর্মজীবনে যেমন, সংসারজীবনেও তেমন সফল তাঁরা। দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, সরকারের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় গত ২৬ জানুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর এই তিন কর্মকর্তাকে পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
মুক্তা ধর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার, মাকসুদা আক্তার খানম বিশেষ শাখা (এসবি), ঢাকায় মিডিয়া অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এবং শাহানাজ পারভীন বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত। মিতা বিশ্বাস ডিএমপির পরিবহন বিভাগের একজন কনস্টেবল।
পুলিশের এই নারী সদস্যরা প্রথম আলোকে জানালেন, অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করার মধ্যেই তাঁদের স্বস্তি মেলে। তাঁরা কর্মস্থলে যেমন সদা নিবেদিত থাকেন, তেমনি হাসিমুখে স্বামী-সংসার ও সন্তানের প্রতি দায়িত্বও পালন করেন। এ ক্ষেত্রে তাঁরা পরিবার, বিশেষ করে স্বামীদের সহযোগিতার কথা বললেন।
৩০ জানুয়ারি দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে কথা হয় পুলিশ কর্মকর্তা মুক্তা ধরের সঙ্গে। তিনি বলেন, ‘আমার অবস্থানে থেকে পুলিশ বিভাগকে শতভাগ দেওয়ার চেষ্টা করছি। কর্মস্থলের মতো বাসায় পৌঁছে স্বামী-সংসার ও সন্তানের জন্যও সবকিছু করছি। এটা করতে না পারলে জীবন ভারসাম্যহীন হয়ে পড়ত বলে মনে করেন তিনি।
মুক্তা ধর জানালেন, তাঁর স্বামী শিক্ষা বিভাগের কর্মকর্তা। তিনি বাসায় পৌঁছানোর আগেই তাঁর স্বামী কর্মস্থল থেকে ফেরেন। তিনি তখন চার বছর বয়সী ছেলেকে সময় দেন। স্বামী-স্ত্রী দুজনে কর্মস্থলে যাওয়ার পর তাঁর মা তাঁদের ছেলেকে দেখাশোনা করেন। ‘কাজে থাকার সময় মাঝেমধ্যে ছেলের কথা মনে পড়ে। অক্লান্ত পরিশ্রমের পর দেশ ও অসহায় মানুষের জন্য কিছু করার মধ্যে স্বস্তি খুঁজে পাই।’ বলেন মুক্তা ধর।
২০০৮ সালে পুলিশ ক্যাডারে বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। দুই বছর আগে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে যোগ দেন। এই পুরস্কারকে কাজের জন্য বড় স্বীকৃতি হিসেবেই মনে করছেন তিনি। বললেন, ‘স্বীকৃতি আমি পেলেও এর জন্য পুরো বিভাগের অবদান আছে। গত বছর “আইজি ব্যাজ” পেয়েছিলাম। তখন বলা হলো, আরও ভালোভাবে কাজ করতে হবে।’
পদক তালিকার পুস্তিকায় মুক্তা ধর সম্পর্কে বলা হয়েছে, ‘মুক্তা ধর তেজগাঁওয়ের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে আসা নারী-শিশুদের সেবার মান ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করেছেন। তাঁর সঠিক তদারকি ও নির্দেশে তিন শতাধিক নারী-শিশু নির্যাতন দমনসংক্রান্ত মামলার সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন ও রহস্য উন্মোচন হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ ও সেবাধর্মী কাজের দক্ষতা, সততা, আন্তরিকতা, নিষ্ঠা, একাগ্রতা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও সুষ্ঠুভাবে দায়িত্ব-কর্তব্য সম্পাদনের অবদান হিসেবে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পদক দেওয়া হলো।’
পিপিএম-সেবা পদক পাওয়া এসবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাকসুদা আক্তার খানমের সঙ্গে ৩১ জানুয়ারি কথা হয়। তিনি জানালেন, দেশের ও পুলিশ বিভাগের জন্য কিছু অবদান রাখতে পেরে তাঁর ভালো লাগছে। তিনি ২০০৮ সালে বিসিএস ক্যাডার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর দুই মেয়ে। তারা স্কুলে পড়ে। স্বামী একটি মাসিক পত্রিকার সম্পাদক। স্বামী ও সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন বলে ভালো কিছু করতে পারছেন।
মাকসুদা বললেন, ‘এসবির প্রধানের সহযোগিতায় তিনি অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই পুরস্কার আরও ভালো কাজ করতে উৎসাহ ও উদ্দীপনা জোগাবে।’ মাকসুদা সম্পর্কে পদক পুস্তিকায় বলা হয়েছে, মাকসুদা ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দেশের আইনশৃঙ্খলা অবস্থা সমুন্নত রাখতে, দেশের ক্ষয়ক্ষতি ও সরকারের ভাবমূর্তি রক্ষায় কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে পিপিএম-সেবা পদক দেওয়া হলো।
বিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী কমিশনার শাহানাজ পারভীন এবার পিপিএম-সেব পদক পেয়েছেন। ২০১২ সালে তিনি বিসিএস ক্যাডার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ঝালকাঠিতে প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর এক মেয়ে। সে স্কুলে পড়ে। স্বামী বরিশাল সরকারি মহিলা কলেজের প্রভাষক।
শাহানাজ পারভীন ৩১ জানুয়ারি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। বলতে পারেন, মানুষকে সেবা দেওয়াটা নেশার মতো কাজ করে। জ্যেষ্ঠ কর্মকর্তারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, এর স্বীকৃতিই এই পুরস্কার। আর স্বামীর সহযোগিতা না থাকলে এ পর্যন্ত পৌঁছাতে পারতাম না।’
শাহানাজ সম্পর্কে পুস্তিকায় বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা শাহানাজ ২০১৫ সালে নিখোঁজ ৯৫ জন নারী ও শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ ছাড়া তিনি ভীতসন্ত্রস্ত নারী ও শিশুকে আইনি সেবা দিয়েছেন। এসব ঘটনা স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এতে জনমনে পুলিশের প্রতি আস্থা অনেকাংশে বৃদ্ধি পায়।