সফল নারী নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলেন ম্যাকআর্থার
এলেন ম্যাকআর্থার

যুক্তরাজ্যের ‘ড্যাম কমান্ডার অব দ্য মোস্ট এক্সসিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননা আছে তাঁর ঝুলিতে। ২০০৫ সালে পাল তোলা নৌযানে দ্রুততম সময়ে নৌপথে বিশ্বভ্রমণের রেকর্ড গড়েিছলেন (এখন অবশ্য সে রেকর্ড তাঁর দখলে নেই)। তিনি এলেন ম্যাকআর্থার। নিজের ব্যক্তিগত ক্যারিয়ার থেকে অবসর নিয়ে বর্তমানে গড়ে তুলেছেন এলেন ম্যাকআর্থার ক্যানসার ট্রাস্ট এবং এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের মূল দায়িত্ব বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা।
নিজের আত্মীয় থিয়ে ম্যাকআর্থারের নৌযান দিয়েই শুরু হয় নৌভ্রমণ। স্কুলে পড়ার সময় নিজের তিন বছরের খাবারের টাকা বাঁচিয়ে প্রথম নৌকা কেনেন তিনি। এভাবেই শুরু।
১৯৭৬ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। মাত্র ২৪ বছর বয়সেই প্রথম এক বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেন তিনি। বিশ্ব ভ্রমণের এ প্রতিযোগিতা ৯৪ দিনে শেষ করে সফলভাবে আবার ফিরে আসেন এলেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের একাধিক দীর্ঘ প্রতিযোগিতায়ও অংশ নেন তিনি। এককভাবে ৭১ দিন ১৪ ঘণ্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ডে ২৬ হাজার মাইল ভ্রমণের রেকর্ডও করা এলেন নিজের সফলতার স্বীকৃতি হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কাছ থেকে পান লিজিওন ডি’অনার সম্মাননা। ২০০২ সালে নিজের প্রথম আত্মজীবনী টেকিং অন দ্য ওয়ার্ল্ড এবং ২০১০ সালে দ্বিতীয় আত্মজীবনী ফুল সার্কেল প্রকাশ করেন তিনি। অবসরে থাকলেও সমুদ্র আর পানির টান এখনো টানে তাঁকে।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: বিবিসি, উইকিপিডিয়া ও এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশন