
দীর্ঘদিন খেলেছেন আন্তর্জাতিক ফুটবল। ১৬ বছর বয়সেই ইংল্যান্ডের জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলার শুরুটা। ১৯৯৫ সালে ফিফা উইমেনস ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো অংশ নেয় ইংল্যান্ড নারী ফুটবল দল আর সেই দলেরও সদস্য ছিলেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় নারী ফুটবল দলের কোচের দায়িত্বও পালন করেন হোপ পাওয়েল। পুরো নাম হোপ প্যাট্রিসিয়া পাওয়েল।
১৯৬৬ সালে জন্মগ্রহণ করা পাওয়েল ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহী ছিলেন। জাতীয় দলে খেলায় দারুণ সাফল্য দেখান তিনি। পরবর্তী সময়ে ইংল্যান্ডের দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে হোপ পাওয়েলকে নিয়োগ দেয়। তাঁর নেতৃত্বেই ২০০১, ২০০৫, ২০০৯ ও ২০১৩ সালের ইউইএফএ উইমেনস চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ইংল্যান্ড নারী ফুটবল দল। নিজের ক্যারিয়ারের মধ্যে ক্লাব ফুটবলেও পাওয়েলের নেতৃত্বে তাঁর ক্লাব কার্লটন অ্যাথলেটিক এফএসসি ক্লাব এফএ উইমেনস কাপ জেতে। নারীদের ফুটবল খেলার সেরা ফলাফল হয় ১৯৮৪ ও ২০০৯ সালে ইউইএফএ উইমেনস চ্যাম্পিয়নশিপে, যার দুটিতেই যুক্ত ছিলেন হোপ পাওয়েল।
লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটি থেকে ১৯৯০ সালে স্নাতক সম্পন্ন করেন ক্রীড়াবিজ্ঞান ও ইতিহাস বিষয়ে। পড়াশোনা আর খেলার প্রতি আগ্রহ থাকায় পরিবার থেকেও পেয়েছেন সহযোগিতা। নিজে ফুটবলার হিসেবে যেমন ছিলেন সফল, তেমনি দলের কোচ হিসেবেও দলকে এগিয়ে নিয়েছেন অনেকখানি। কাজের স্বীকৃতিও পেয়েছেন নানা ধরনের সম্মাননা পেয়ে। ২০০২ সালে যুক্তরাজ্য সরকার হোপ পাওয়েলকে অফিসার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার হিসেবে নিয়োগ করে এবং ২০১০ সালে কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করে। এ ছাড়া ফুটবলে বিশেষ অবদান রাখায় তিনি ২০০৩ সালে ইংলিশ ফুটবল হল অব ফেমে নির্বাচিত হন। ২০১১ সালে ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন হোপ পাওয়েলকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। এ ছাড়া তাঁর নাম ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান কর্তৃক সেরা ১০০ খেলোয়ার ও অভিযাত্রিক তালিকাতেও যুক্ত হয়।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, উইকিপিডিয়া, টেলিগ্রাফ, বিবিসি