বিএসআরএমর প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ বলেন, ‘আমরা সাধারণত সাফল্যটাই দেখি। কিন্তু এর ভিত্তিটা একটিবারের জন্যও বিবেচনা করি না। অনেক সময় সমুদ্রে বিশাল বরফের পাহাড় দেখি। এই বরফের পাহাড়টি দেখতে ছোট হলেও দৃশ্যমান বরফের এক-তৃতীয়াংশ পানির নিচেই থাকে। যাকে আমরা ভিত্তি বলি। আর একজন সফল মানুষের ভিত্তি হচ্ছে শিক্ষা।’ তিনি ১৬ অক্টোবর শুক্রবার বেলা তিনটায় নগরের সার্সন রোডে অবস্থিত যোগাযোগ প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত কর্মশালায় এ কথা বলেন।
‘আমার ক্যারিয়ার, আমার ভবিষ্যৎ’ শিরোনামের এই কর্মশালায় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে নানা দিকনির্দেশনা দেন তিনি। তাঁর পাশাপাশি কর্মশালায় অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন অতিরিক্ত কর কমিশনার কবি বাদল সৈয়দ।
জীবনের সাফল্যের রহস্যের কথা বলতে গিয়ে অতিরিক্ত কর কমিশনার বাদল সৈয়দ বলেন, ‘পড়ার কোনো বিকল্প নেই। পড়ো, পড়ো এবং পড়ো। কারণ শিক্ষাই পারে আপনার ক্যারিয়ার গড়তে, আপনার ভবিষ্যৎ গড়তে। বিশ্বাস করেন, আমি মোটেও ভালো মানের ছাত্র ছিলাম না, তবে আমি প্রচুর বই পড়তাম। এখনো আমি পড়ি। আর এই পড়া থেকে হয় জ্ঞান অর্জন। এই অর্জন হয়তো আজকে আমাকে সাফ্যল্যেও এ দুয়ারে এনে দিয়েছে।’
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নিজের সাফল্যের কথা বলে অনুপ্রাণিত করেন বিএসআরএর কর্মকর্তা আলী মাহাবুব হোসেন। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যোগাযোগ প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান সমন্বয়কারী শাহরিয়ার ফারজানা। বিজ্ঞপ্তি।