সফল সামাজিক উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিজা শহীদ
শিজা শহীদ

ভিডিও দেখে প্রথম পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের ঘটনা জানতে পারেন শিজা শহীদ। পাকিস্তানে ১৪ বছর বয়সী শান্তিতে নোবেল-জয়ী মালালা ও তার বান্ধবীকে তাদের বিদ্যালয়ের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা। তিন ঘণ্টার সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ওঠা মালালার এ ঘটনাটি দেখে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবেই সপ্তাহব্যাপী একটি উদ্যোগ নেন শিজা শহীদ। আর সেই উদ্যোগেই পরবর্তী সময়ে গড়ে ওঠে মালালা ফান্ড নামের সামাজিক উদ্যোগ। এ উদ্যোগের সহপ্রতিষ্ঠাতা শিজা শহীদ। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৩০ বছরের কম বয়সী সেরা ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই।
শিজার জন্ম ১৯৯০ সালে। জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। হাইস্কুলে পড়ার আগ পর্যন্ত পাকিস্তানেই নারী শিক্ষার উন্নয়নে কাজ করার একটি সুপ্ত বাসনা ছিল তাঁর। উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রের বৃত্তি পেয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসে যায়। সে সময়ে ঘটে মালালার সেই ঘটনা।
মালালার সেই ভয়াবহ ঘটনাটি যখন সারা বিশ্বে তুমুল আলোচিত, তখনই নারীদের শিক্ষার বিষয়টি নিয়ে কাজ করার চিন্তা শুরু করে দেন শিজা। প্রাথমিক উদ্যোগ হিসেবে বিশ্বব্যাংক এবং হলিউডের জনপ্রিয় তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি মালালা ফান্ডে চার লাখ ডলার দেন। এভাবেই শুরু হয় মালালা ফান্ডের কার্যক্রম, যা আজ নারী শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। পড়াশোনা শেষ করে এ উদ্যোগের সঙ্গেই কাজ করে যাচ্ছেন শিজা শহীদ। নিজের ছোটবেলার স্বপ্নের সঙ্গে মালাল-ফান্ডের দারুণ এক মিল আছে বলে মনে করেন শিজা। তাই সে স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই সামাজিক এ উদ্যোগে কাজ করে যাচ্ছেন তিনি। কাজের স্বীকৃতিও পেয়েছেন। মালালা ফান্ড ও নিজের স্বপ্ন—এ দুটি নিয়েই কাজ করে যেতে চান তিনি।
তথ্যসূূত্র: ফোর্বস, ফার্স্ট কোম্পানি, মালালা ফান্ড