সফল হতে কী করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম বিসিএসের সাধারণ ও টেকনিক্যাল উভয় ক্যাডারের লিখিত পরীক্ষা। এবারের লিখিত পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন ২৮তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী প্রশান্ত কুমার দাসপছন্দসই ক্যাডারে নিয়োগ পাওয়ার জন্য লিখিত পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা খুবই জরুরি। তাই এই পরীক্ষায় ভালো করা ছাড়া বিকল্প নেই। লিখিত পরীক্ষায় শুধু ভালো প্রস্তুতি থাকলেই হবে না, থাকতে হবে জুতসই কৌশলও। এবারের ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ মোট ১৪ হাজার ৪৭০ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীই কেবল মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন। মৌখিক পরীক্ষা শেষে মোট দুই হাজার ৫৭২ পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ প্রতি ছয়জনে একজন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগের সুযোগ পাবেন। এখন হাতে আর বেশি সময় নেই। এই সময়ে নতুন করে কিছু আয়ত্ত করা কঠিন হবে। তাই বিগত সময়ে পড়া বিষয়গুলোর দিকে চোখ বুলিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।সাধারণ প্রস্তুতি: সাধারণ ক্যাডারের জন্য মোট ১০টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে যাঁরা টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দেবেন, তাঁদের নিজস্ব পদসংশ্লিষ্ট বিষয়ের ২০০ নম্বরের দুটি পরীক্ষাসহ মোট ১০টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ একটি বিষয়ে কম নম্বর পাওয়া মানে মোট নম্বর কমে যাওয়া। আর মোট নম্বর কমে যাওয়া মানে মূল প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়া। একটি নম্বরের জন্য সিরিয়াল অনেক পিছিয়ে যেতে পারে, তখন আপনি আপনার প্রত্যাশিত ক্যাডার থেকেও ততই পিছিয়ে পড়তে পারেন।বাংলা: সাধারণ ক্যাডারে বাংলায় ২০০ নম্বরের (প্রথম ও দ্বিতীয় পত্র) এবং টেকনিক্যাল ক্যাডারের জন্য বাংলায় ১০০ নম্বরের (প্রথম পত্র) পরীক্ষা দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রথম পত্রে নম্বর বেশি ওঠে। কারণ বাংলা প্রথম পত্রে সাহিত্য ও ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে, যেখানে নম্বর কাটার তেমন কোনো সুযোগ নেই। উত্তর ঠিক হলে আপনি পুরো নম্বরই পাবেন। বাংলায় ব্যাকরণের সব অংশ, সাহিত্য থেকে ভালোভাবে প্রস্তুতি নিলে এবং বাংলা শুদ্ধ ও সুন্দরভাবে লিখতে পারলে এ বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব। বাংলা বিষয়ে ভালো করার জন্য বাংলা ব্যাকরণ বই, সাহিত্য পত্রিকার সম্পাদকীয়, বিভিন্ন উপন্যাস, লেখকদের জীবনী পড়া দরকার।ইংরেজি: সাধারণ ও টেকনিক্যাল উভয় ক্যাডারেই ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে হবে। বাংলার মতো ইংরেজিতেও প্রথম পত্রে বেশ ভালো নম্বর ওঠে। ইংরেজি গ্রামার, ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি, অ্যামপ্লিফিকেশন, সাবস্ট্যান্স, রচনা, অবজেকটিভ রিপোর্টিং, লেটার রাইটিং ইত্যাদি থেকে প্রশ্ন আসে। ইংরেজিতে যাঁদের ‘ফ্রি হ্যান্ড’ লেখার দক্ষতা আছে, তাঁরা ইংরেজি বিষয়ে ভালো করে থাকেন। ইংরেজিতে দক্ষতা বাড়াতে ইংরেজি গল্পের বই, পত্রিকা, ম্যাগাজিন পড়া এবং ইংরেজি সিনেমা দেখা, খবর শোনা যেতে পারে।সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলির প্রথম ও দ্বিতীয় পত্র এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করার জন্য দৈনিক পত্রিকা দেখতে হবে। এ ছাড়া সংবিধান বারবার পড়ে প্রতিটি অধ্যায় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। বাংলাদেশ বিষয়াবলি দ্বিতীয় পত্রে একটু বেশি নম্বর পাওয়া যায়। এ জন্য প্রার্থীদের সংবিধান ভালোভাবে পড়া উচিত বলে আমি মনে করি। আর এই কদিন দৈনিক পত্রিকা ভালোভাবে দেখা উচিত।গাণিতিক যুক্তি: অন্য সব বিষয়ের চেয়ে গণিতে সব থেকে বেশি নম্বর ওঠে। তাই গণিতে ভালোভাবে পরীক্ষা দিয়ে বেশি নম্বর তুলে নিয়ে মোট নম্বর বাড়িয়ে নেওয়া সম্ভব। গণিতে ভালো করতে হলে অষ্টম, নবম ও দশম শ্রেণীর গণিতের বই দুটি ভালোভাবে আয়ত্তে আনতে হবে এবং বারবার চর্চা করতে হবে। গণিতের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলব, সব সময় অঙ্ক করতে হবে সহজ নিয়মে। মানসিক দক্ষতা: এ বিষয়ে ৫০ নম্বরের মধ্যে ৪০ থেকে ৪৫ পাওয়া সম্ভব, যদি ভালো প্রস্তুতি থাকে। এই পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে খুব দ্রুত চিন্তা করতে হবে এবং খুব দ্রুত প্রশ্নের উত্তর দিতে হবে। এই পরীক্ষায় ভালো করার জন্য মানসিক দক্ষতার ওপর প্রচলিত বইগুলো দেখা যেতে পারে। আরও একবার এটিতে চোখ বুলিয়ে নিন।সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি: শুধু সাধারণ ক্যাডারের প্রার্থীদের এই পরীক্ষায় অংশ নিতে হবে। এখানে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে মোট তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়েও বেশ ভালো নম্বর পাওয়া সম্ভব, যদি প্রশ্নের উত্তর সরাসরি ও সংক্ষিপ্ত আকারে দেওয়া যায়। এসব বিষয়ে বাড়িয়ে লেখার কিছু নেই।উত্তর উপস্থাপন: পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপন করার ওপরও নির্ভর করে প্রার্থীর পরীক্ষায় ভালো করা। আর এটিও খেয়াল রাখতে হবে, খাতা যেন অতিরঞ্জিত না হয়। পরীক্ষার হলে করণীয়: পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর পুরো প্রশ্ন অন্তত একবার পড়ে তারপর উত্তর দেওয়া শুরু করা উচিত। যে প্রশ্নের উত্তর ভালো জানা আছে, সেটির উত্তর আগে দেওয়া ভালো। পরীক্ষার হলে সময়ের সদ্ব্যবহার করতে হবে। এখানে সময়ের ব্যবহার যদি সঠিকভাবে না করতে পারেন, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি থাকলেও পরীক্ষায় ভালো ফল না-ও আসতে পারে। চেষ্টা করতে হবে সব প্রশ্নের উত্তর দিয়ে আসার। এমন যেন না হয় যে একটি প্রশ্নের উত্তর বেশি ভালোভাবে দিতে গিয়ে আরেকটি প্রশ্ন বাদ পড়ে গেল। সব থেকে ভালো হয়, যদি সব প্রশ্নের উত্তর সমানভাবে দিতে পারেন। সবাই পরীক্ষায় ভালো করবেন, সেই শুভ কামনা রইল। (অনুলিখিত) প্রশান্ত কুমার দাস: সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়।