সফল হতে জিপিএ-৫ লাগে না

এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪২ হাজার ৮৯৪ জন। অল্পের জন্য জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তাই লাখ ছাড়িয়েছে। ৯ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল বেরোনোর পর থেকে ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। রাজ্যের হতাশা ভর করেছে জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীদের চোখে-মুখে। কে তাঁদের বোঝাবে, জিপিএ-৫-ই সফল হওয়ার একমাত্র অবলম্বন নয়।
যারা জিপিএ-৫ পাওনি, তাদের উদ্দেশে বলছি, জিপিএ-৫ না পেলেই সব সম্ভাবনা শেষ হয়ে যায় না। কারণ, বেশির ভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আবেদনের জন্য জিপিএ-৫ প্রয়োজন হচ্ছে না। চলো সেসব তথ্যে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
গত বছরের ভর্তিতথ্য অনুযায়ী, মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষার জন্য এসএসসি ও এইচএসসি দুটি মিলিয়ে একসঙ্গে জিপিএ-৮.০০ এবং আলাদাভাবে জিপিএ-৩.৫০ থাকলেই চলে।
দেশের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকানো যাক। এবার এইচএসসি ফল কিছুটা খারাপ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্যতা কিছুটা শিথিল করেছে, সব বিভাগেই চতুর্থ বিষয়ের নম্বরসহ আবেদন করা যাবে। ‘ক’ ইউনিটের (বিজ্ঞান শাখা) জন্য এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। একইভাবে ‘খ’ ইউনিটের (মানবিক শাখা) জন্য জিপিএ-৭ এবং ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) জন্য মোট জিপিএ-৭.৫ থাকলেই চলবে।
এখন তোমরাই ঠিক করো, জিপিএ-৫ পাওয়া জরুরি, নাকি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া জরুরি? লক্ষ করো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় যেখানে জিপিএ-৫ লাগছে না, সেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা কাছাকাছি বা আরও কিছুটা কম। উল্লেখ্য, শুধু বুয়েট ভর্তি পরীক্ষার জন্য জিপিএ-৫ প্রয়োজন হয়।
এসব তথ্যও যাদের মন ভরাতে পারছে না, তাদের জন্য আমরা বেশ কিছু তথ্য খুঁজে পেয়েছি, যারা জিপিএ-৫ পায়নি কিন্তু সেরা ফল করে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে। চলো, সে রকম কয়েকজনের সঙ্গে পরিচিত হওয়া যাক।
জিপিএ–৫ যে সফলতার মানদণ্ড হতে পারে না, তার উজ্জ্বল উদাহরণ তাহমিলুর রহমান। তাহমিলুর নটর ডেম কলেজ থেকে এইচএসসিতে ৪.৭ পেয়েছিলেন। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম প্রকৌশল বিষয়ে স্নাতক এবং বুয়েট থেকে একই বিষয়ে স্নতকোত্তর করেছেন। এরপর ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে এখন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনে।
শাহপার শামস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ডিনস অ্যাওয়ার্ড। শাহপার এইচএসসিতে জিপিএ কত পেয়েছিলেন জানো? তার মুখেই শোনো: ‘সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। ফল ছিল জিপিএ-৪.৮। ভেঙে পড়িনি। ভালো প্রস্তুতি নিয়ে সুযোগ পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’ শাহপারের বিশ্ববিদ্যালয়ের ফলও ঈর্ষাজাগানিয়া। বিবিএ-তে ৪ এর মধ্যে সিজিপিএ-৩.৯ এবং এমবিএ-তে সিজিপিএ-৩.৯৬। শাহপার এখন শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
এস এম ইবনে সাদ খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসিতে পেয়েছিলেন জিপিএ-৪.৯। খুব হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ শেষ করে এখন সিএ পড়ছেন।
সোহাগ হাওলাদার পড়ছেন ঢাকা মেডিকেল কলেজে। সোহাগ বলেন, ‘এসএসসি ও এইচএসসির দুটিতেই আমি জিপিএ-৫ পাইনি। একটিতে পেয়েছিলাম জিপিএ-৪.৮৮। কিন্তু ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ১৮২তম স্থান লাভ করি।’
সবশেষে শোনাই আলী সিদ্দিকীর গল্প। তিনি আইডিয়াল কলেজ থেকে জিপিএ-৪.৭ পেয়েছিলেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।
সুতরাং, এই গল্পগুলো আমাদের এই শিক্ষা দেয় যে শুধু জিপিএ-৫-এর ওপর জীবনের সাফল্য নির্ভর করে না। সাফল্য নির্ভর করে আত্মবিশ্বাস ও পরিশ্রমের ওপর। মনে রাখা জরুরি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তুমুল প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। এখানে জায়গা করে নিতে হলে মেধার প্রমাণ দিতে হবে। সুতরাং হতাশা ঝেড়ে এখনই শুরু করে দাও ভর্তিপ্রস্তুতি।