সফল হতে হলে
শত শত শিক্ষার্থীর মধ্যে যেন হারিয়ে যাওয়ার অবস্থা মুহম্মদ জাফর ইকবালের। ১০ ফেব্রুয়ারি দুপুরের পর মাত্রই মেলায় এসেছেন তিনি। শিক্ষার্থীদের আবদার, ‘একটা অটোগ্রাফ, স্যার!’ ক্লান্তিবিহীন অটোগ্রাফ দিয়ে চলেন তিনি।এরই মধ্যে একটু সময় করে মুহম্মদ জাফর ইকবাল সফলদের স্বপ্নগাথা বইয়ের মোড়ক উন্মোচন করলেন। বইমেলার নজরুল চত্বরে ১০ ফেব্রুয়ারি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বইটির সম্পাদক ফিরোজ জামান চৌধুরী এবং অন্বেষা প্রকাশনীর প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এ বইটিতে রয়েছে সফল মানুষদের সাফল্যের গল্প। এ বইয়ের সবগুলো লেখা অনুবাদও করেছে তরুণেরা। আমি মনে করি, বইটি সব শিক্ষার্থীর অবশ্যপাঠ্য।’সফলদের স্বপ্নগাথা সংকলনের সব কটি লেখা প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ে’ ক্রোড়পত্রে গত দুই বছরে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। এতে রয়েছে ফেসবুকের মার্ক জাকারবার্গ, তথ্যপ্রযুক্তির অগ্রপথিক স্টিভ জবস, বিল গেটস, হ্যারি পটারের লেখক জে কে রাউলিং, সংগীতশিল্পী শাকিরা, মাইকেল জ্যাকসন, অভিনয়শিল্পী অমিতাভ বচ্চন, মি. বিন, মানবাধিকারকর্মী প্রিন্সেস ডায়ানা, নেলসন ম্যান্ডেলা, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কফি আনান, রাজনীতিবিদ অং সান সু চি, বেনজির ভুট্টো, ক্রিকেটার ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারসহ ৩৫ জনের বক্তৃতা।লেখাগুলো অনুবাদ করেছেন শিখ্তী সানী, জাহাঙ্গীর সুর, ফয়সাল হাসান, মোহাম্মদ আলী, কিঙ্কর আহসান, রুহিনা তাসকিন, জান্নাত-উল ফেরদৌস, ফিরোজ জামান চৌধুরী, নাজমুস সাকিব, সিমু নাসের, আহসান হাবীব ও অঞ্জলি সরকার।বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন (বইমেলা স্টল নং: ২৯৩-২৯৫)। ঘরে বসে বইটি পাওয়ার জন্য যোগাযোগ: রকমারি ০১৮৪১১১৫১১৫ http://www.rokomari.com/book/9750