সফল হতে হলে নৈতিক আদর্শ বজায় রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়-রয়েল সিমেন্ট করপোরেট আড্ডায় বক্তব্য দেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আমির আলীহুসেইন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়-রয়েল সিমেন্ট করপোরেট আড্ডায় বক্তব্য দেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আমির আলীহুসেইন

সফল হতে হলে নৈতিক আদর্শ বজায় রাখতে হবে। নৈতিকতার অভাবে বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠানই দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত টিকে থাকতে পারে না। একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক সময় লাগে। কিন্তু ধ্বংস হতে দুই মিনিটও লাগে না।
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ)-রয়েল সিমেন্ট করপোরেট আড্ডায় বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আমির আলীহুসেইন এসব কথা বলেন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করপোরেট জগৎ সম্পর্কে ধারণা দিতে ধারাবাহিক এই আড্ডার আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটিতে পৃষ্ঠপোষকতা করছে সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েল সিমেন্ট লিমিটেড।
শিক্ষার্থীদের সামাজিক কাজে জড়িত হওয়ার পরামর্শ দিয়ে আমির আলীহুসেইন বলেন, ‘তোমাদের হাতে হয়তো অর্থ নেই, কিন্তু সময় তো আছে। এই সময়টা সামাজিক কাজে ব্যয় করো। দরিদ্রদের জন্য কিছু করো। এর ফলে তুমি নিম্ন আয়ের মানুষের দুঃখ বুঝবে, যা তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারেও কাজে লাগবে।’
একটি প্রতিষ্ঠানের ভিশন বা রূপকল্প ও মূল্যবোধকে প্রতিষ্ঠানের প্রাণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শুধু লেখার জন্য বা লোকদেখানোর জন্য প্রতিষ্ঠানের ভিশন থাকলে চলবে না। ভিশনের শিক্ষা অনুযায়ী প্রতিষ্ঠানের সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিষ্ঠানকে তার মূল্যবোধের ওপর জোর দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক। বক্তব্য দেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম খান, রয়েল সিমেন্ট লিমিটেডের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সাল নাসির খান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইইউ ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার।