
ভালো কাজের কি শেষ আছে? বললেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ। তা হয়তো নেই। তর্কে না জড়িয়েই আমরা কাজে নেমে পড়ি। বরাবরের মতো এবার বন্ধুসভার একটি ভালো কাজের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে সেটাই আমরা করে দেখাব। আরেক বন্ধু ঢাকা মহানগরসভার আশেকুর রহমান বললেন, ‘সারা বছর কি আমরা ভালো কাজ করি না?’ হ্যাঁ, তা তো করিই। আবারও বলি, তর্কে না জড়িয়ে নেমে পড়ি কাজে। এবার কী কী করা যায়। কত ধরনের কাজ করেছি আমরা, রাস্তা পরিষ্কার করা, রক্তদান, চিকিৎসা ক্যাম্প কত কত ধরনের কাজ। এটা আমরা করি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই। এবার আমরা চাই নতুন নতুন কাজ। বৈচিত্র্যপূর্ণ কাজ। কাজগুলো হবে বন্ধুসভার নিজস্ব উদ্যোগে। আর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার বাইরে ৬ নভেম্বর ৮০টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর পরপরই ১১ নভেম্বর বন্ধুসভার জন্মদিন। এ দিনটিও অনেক বন্ধুসভা পালন করে থাকে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি কাজ নিয়ে ওই দিন আমরা ব্যস্ত থাকব। ‘আমার শহর, পরিষ্কার করার দায়িত্বও আমার।’ এই দিন আমরা আমাদের শহর পরিষ্কার করতে নেমে পড়ব। যতটুকু পারা সম্ভব।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধুসভার জন্মদিনের শুভেচ্ছা জানাই। সফল হোক সকল উদ্যোগ।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।