সফলদের কথা
বিদেশে এমআইটি, ইউনিভার্সিটি অব আলবার্টা শ্যাম্পেন, সাউথ ক্যারোলাইনা ইউনিভার্সিটিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের বিখ্যাত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের প্রকৌশল গ্র্যাজুয়েটরা যাচ্ছেন এবং সাফল্য লাভ করছেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি প্রকৌশলীদের সাফল্য কিন্তু খুবই ঈর্ষণীয়। আজ আমরা যত বড় ভবন, দালানকোঠা, ইমারত দেখি, তার স্বপ্নদ্রষ্টা কিন্তু একজন বাঙালি, তাঁর নাম ফজলুর রহমান খান (এফ আর খান)। তিনি যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নেন, তখন বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আলাদা অনুষদ ছিল। গ্র্যাজুয়েশনের পর তিনি বিদেশে যান এবং স্ট্রাকচারের ওপর উচ্চশিক্ষা নেন। কর্মজীবনে সিয়ার্স টাওয়ারসহ অন্যান্য উঁচু ভবনের ডিজাইন করেন। তাঁর হাতেই সূচিত হয় বর্তমান নিউইয়র্কের আকাশছোঁয়া ম্যানহাটনের যাত্রা। উঁচু ভবন নির্মাণে তিনি যে প্রযুক্তি ব্যবহার করেছিলেন, আজও সবাই সেই প্রযুক্তিই ব্যবহার করছে।প্রবাহী গতিবিদ্যার (যন্ত্রকৌশলের একটি উল্লেখযোগ্য বিভাগ) বিশ্ববিখ্যাত একজন গবেষক হলেন ফজলে হোসেন। বর্তমানে তিনি হিউস্টন বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আজিজুর রহমান বর্তমানে কানাডায় গবেষণা করছেন। মোটর বিষয়ে তাঁর অনেক বিখ্যাত গবেষণা আছে। নাসায় গবেষক হিসেবে কাজ করছেন বুয়েট থেকে ১৯৬৯ সালে যন্ত্রকৌশলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা এম কামরুজ্জামান। ফুয়েল সেল নিয়ে গবেষণা করছেন মো. ফারুক। বাংলাদেশি নারী প্রকৌশলীদের অর্জনও কম নয়। যেমন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোয়ান বিশ্ববিদ্যালয়ে কাওসার জাহান পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত।ভার্জিনিয়াটেক বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটে পরিচালক হিসেবে কর্মরত আছেন সাইফুর রহমান। তিনি ১৯৭৪ সালে তড়িৎকৌশলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন। তিনি জ্বালানি, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, খনি খননসহ ইত্যাদি বিষয়ে অনেক গবেষণা করেছেন। বাংলাদেশের বর্তমানের এই জ্বালানিসংকটের সময়ে তাঁর মতো বিশেষজ্ঞদের পরামর্শ অতি প্রয়োজনীয়।দেশের অনেকগুলো অবকাঠামো নির্মাণে দেশীয় প্রকৌশলীরা কাজ করেছেন এবং করছেন। পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু, রূপসা সেতু, চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ, বাংলাদেশের সর্বোচ্চ ভবন সিটি সেন্টার, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার, হাতিরঝিল প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, বাঁধ, সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, দেশের একমাত্র নভোথিয়েটার ইত্যাদি বিভিন্ন অবকাঠামো ও প্রকল্প আমাদের প্রকৌশলীদের বড় বড় কীর্তির উল্লেখযোগ্য উদাহরণ। দেশের প্রথম লবণ পরিশোধনাগার বুয়েটের প্রকৌশলীরা ডিজাইন করেছিলেন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা এবং প্রিপেইড এনার্জি মিটার বাংলাদেশি প্রকৌশলীদেরই উদ্ভাবন। গত বছর যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক অমলেশ চন্দ্র মণ্ডল বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। শিক্ষাজীবনে বাংলাদেশি প্রকৌশল শিক্ষার্থীদের সাফল্য কিন্তু অন্যদের চেয়ে কম নয়, বরং বেশি। প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বুয়েট প্রতিবছর সাফল্য অর্জন করে যাচ্ছে। রোবট প্রতিযোগিতায় বুয়েট তথা বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্য উৎসাহব্যঞ্জক। তড়িৎ ও ইলেকট্রনিকস শিক্ষার্থীদের প্রধান আন্তর্জাতিক সংগঠন আইইইয়ের বিভিন্ন প্রতিযোগিতায় বুয়েটের শিক্ষার্থীরা নিয়মিত সাফল্য পাচ্ছেন। গ্র্যাজুয়েশনে থাকা অবস্থায় বাংলাদেশি প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে নিয়মিত প্রকাশিত হচ্ছে।