সফলদের স্বপ্নকথা
চার কিশোর-কিশোরী—সাখাওয়াত জামান, ফারহানা আক্তার, মোহাম্মদ শাহনেওয়াজ ও মনীষা আক্তার। ‘গোল্ডেন’ জিপিএ নিয়ে সদ্য এসএসসি পাস করেছে তারা। সবে বিদ্যালয়ের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীরা এখনই ভাবে দেশ-রাজনীতি নিয়ে, স্বপ্ন দেখে সমাজ বদলের। প্রথম আলোর কাছে জানিয়েছে তাদের অনুভূতি
‘রাজনীতি আমাকে কাছে টানে’
সাখাওয়াত জামান। পরিবারের সবার কাছে পরিচিত আদর হিসেবে। তার ভাবনাটা বিশাল। লেখাপড়ার বাইরে নানা বিষয় তাকে নাড়া দেয়। কী হতে চাও? এমন প্রশ্নে এতটুকু না ভেবে তার উত্তর, ‘প্রথমত পড়াশোনা করব প্রকৌশলবিদ্যায়। এরপর সুযোগ হলে রাজনীতিতে যোগ দেব।’ প্রকৌশলবিদ্যায় পড়ে রাজনীতিতে কেন? ‘সমাজ পাল্টাতে হলে রাজনীতির পথটাই সহজ। মানুষের একেবারে কাছে যাওয়া যায়। তাই রাজনীতি আমাকে কাছে টানে। অবশ্য এ জন্য অনেক বেশি পড়াশোনা করতে হবে।’ বলল আদর। এবারের এসএসসি পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট উচ্চবিদ্যালয় থেকে।
এখনই রাজনীতি বিষয়ে পড়াশোনায় ঝোঁক তাঁর। তার ভালো লাগে সায়েন্স ফিকশনও। ড. মুহম্মদ জাফর ইকবালের বই বাজারে এলেই পড়া চা-ই। হূমায়ুন আহমেদের বই তো আর বাকি নেই, সব পড়া শেষ। আদরের এত কিছুর মূল প্রেরণা বাবা রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং মা গৃহিণী রেহেনা সুলতানা।
‘গড়তে হবে ভাঙা থেকেই’
ফারহানা বিতার্কিক। তাই তার মধ্যে কাজ করে যুক্তিবাদী সমাজ গঠনের চিন্তা। তা ছাড়া প্রচণ্ড আশাবাদী সে। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আশার আলো খুঁজে বেড়ায়। সে বলে, ‘তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে সবখানে তরুণদের জয়জয়কার। একদিন আমরাও উন্নত রাষ্ট্রে পরিণত হব। তাই ভেঙে পড়লে চলবে না, গড়তে হবে ভাঙা থেকেই।’
পটিয়া সরকারি কলেজের শিক্ষক এ এম রহিম উল্লাহ ও গৃহিণী সাহেদা আক্তারের মেয়ে ফারহানা এবার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার লক্ষ্য জৈব প্রযুক্তিবিদ হওয়া। দেশের চলমান জলবায়ু সমস্যা নিয়ে কাজ করে দেশকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে চায় সে। পরিবেশ নিয়ে কাজ করতে বিদ্যালয়ে গঠন করেছিল পরিবেশ ক্লাব। এটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে গাছ লাগাতে। ফারহানার অবসর কাটে গল্পের বই পড়ে ও ফেসবুক ব্যবহার করে। বেশি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র ও হূমায়ুন আহমেদের বই।
‘আমরা এগিয়ে যাবই, কেউ রুখতে পারবে না’
‘বাংলাদেশিরা বিদেশেও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তরুণদের মেধা দেশেও কাজে লাগানো গেলে আমাদের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। আমরা এগিয়ে যাবই।’
দেশ নিয়ে এমন আশার কথা শুনিয়েছে মোহাম্মদ শাহনেওয়াজ। সে এবার ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
তবে তাকে বেশি পীড়া দেয় দেশে আইনের যথাযথ প্রয়োগ না থাকা। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ হলেই বদলে যাবে সমাজ। অপরাধীরা তখন নিজেরাই সংশোধন হবে।
ভালো ফলের পেছনে কার অনুপ্রেরণা? শাহনেওয়াজ বলল, ‘বাবা চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা এ কে এম সাইফুল্লাহ ও মা গৃহিণী ইয়ারুন্নাহার আমার পথপ্রদর্শক। এর বাইরে শিক্ষকদের চেষ্টা তো ছিলই। সব মিলিয়ে ভালো ফল।’
ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন শাহনেওয়াজের। অবসর কাটে বন্ধুদের সঙ্গে আড্ডায়, গান শুনে ও বই পড়ে। পছন্দ হূমায়ুন আহমেদের বই। হিমু চরিত্র তার বেশি প্রিয়।
‘সত্যজিৎ রায়ের মতো চলচ্চিত্র বানাব’
পড়ছে ব্যবসায় শিক্ষায়। কিন্তু মনীষা আক্তারের স্বপ্নের পথচলা ভিন্ন পথে। তাঁর মতে, ব্যতিক্রম কিছু করার আনন্দই আলাদা। সত্যজিৎ রায়ের মতো বড় চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন মনীষার। অভিনয়ের প্রতিও ঝোঁক রয়েছে তার।
মনীষা এবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
বাবা বাংলাদেশ সেনাবাহিনীর অনারারি লেফটেন্যান্ট আবদুল মান্নান ও মা গৃহিণী শাহিন আক্তার এ ফলের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছেন। চলচ্চিত্র নিয়ে কাজ করার ইচ্ছে থাকলেও আগে পড়ালেখাকে গুরুত্বপূর্ণ ভাবছে মনীষা।
আর তাই বিশ্ববিদ্যালয়জীবনে পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে চায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। চলচ্চিত্র বিষয়ে আলাদা করে পড়াশোনার আগ্রত তার। এখনো অবসরে সিনেমা দেখে কাটে তার সময়। অবশ্য মনীষার গানের গলাও ভালো। এ ছাড়া ছবি আঁকাতেও হাত পাকাচ্ছে সে।