সফলসূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট চলছে। কিন্তু কোথাও কোনো হই চই নেই। নেই অভিযোগ, পাল্টা অভিযোগ। বাইরে ভোটারের অপেক্ষার সারিটিও বেশ বড় নয়। ভোট দিয়ে কম সময়েই বেরিয়ে আসছেন। ভেতরে গিয়ে শুধু পরিচয় নিশ্চিত করা। তারপর তেমন কোনো কাজ নেই। ব্যালট পেপার, প্রার্থীর নাম, প্রতীক খোঁজা, সিল মারা এসব কোনো ঝক্কি নেই। গোপন কক্ষে ঢুকেই দেখা যায় একটি ব্যালট ইউনিট। সেখানে প্রত্যেক প্রার্থীর নাম ও তাঁর প্রতীকের পাশেই রয়েছে একটি করে বোতাম। প্রার্থীর বরাবরে বোতামটি চাপলেই হলো। ভুল না হলে সেখান থেকেই শোনা যায় ভোট সঠিক হয়েছে। না হলে বলা হয় হয়নি। তারপর তাৎক্ষণিকভাবে সবার সামনে রাখা ছোট্ট মনিটের ভেসে ওঠে ভোট প্রদানকারীর সংখ্যা। এভাবেই দেশে একটি বড় নির্বাচনে প্রথমবারের মতো ই-ভোট (ইলেকট্রনিক ভোট) নেওয়া হলো। ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ডকে পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছিল। এ ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ই-ভোট হয়েছে। ই-ভোট নিয়ে ভোটারদের মধ্যেও দেখা গেছে স্বস্তির মনোভাব। ভোটের সময় জামালখান কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটাররা নতুন এই ইলেকট্রনিক ভোট যন্ত্রকে (ইভিএম) ইতিবাচকভাবেই নিয়েছেন। ষাটোর্ধ্ব ভোটার স্বপন চৌধুরী বলেন, ‘আমার কাছে বেশ ভালোই লেগেছে। নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।’ একই কেন্দ্রে শর্মিলি আহমেদ বলেন, ‘ভালোই তো লাগছে। আমার মনে হয়, ভবিষ্যতে সব কেন্দ্রে এ পদ্ধতি চালু করা ঠিক হবে।’ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম বলেন, ‘এর মাধ্যমে নির্বাচনের ইতিবাচক একটি ধারণার সূচনা হলো।’ আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আলমগীর জানালেন, ভোটাররা সবাই বলছেন, এ পদ্ধতি চালু করতে।কারণ এতে সময় কম লাগছে, ব্যালট পেপারেরও প্রয়োজন হচ্ছে না। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলিও জানালেন তাঁর সন্তুষ্টির কথা। তিনি বললেন, ‘ভোটাররা নতুন এ পদ্ধতিকে ভালোভাবেই নিয়েছেন।’ ই-ভোটিং প্রকল্পের প্রধান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের (আইআইসিটি) পরিচালক এস এম লুৎফুল কবীর বলেন, ‘আমরা যতটুকু ধারণা করেছি, তার চেয়েও ভালো সাড়া পেয়েছি।’ কাউন্সিলর পদে বিজয়ী কুমার চৌধুরী বলেন, ‘যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি এর মাধ্যমে তার একটি ধাপে উন্নীত হলাম।’ পরাজিত প্রার্থীদেরও বক্তব্য ইতিবাচক। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর এম এ নাসের জানান, ‘প্রযুক্তির এ উদ্ভাবনকে অবশ্যই স্বাগত জানাব। তবে এটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে মনে হয়।’ নারী কাউন্সিলর প্রার্থী সাহেলা আবেদীন বলেন, ‘ই-ভোটিং পদ্ধতির আরও প্রচার প্রয়োজন। কারণ এখনো শিক্ষাবঞ্চিত ও বস্তিবাসী লোকজন এ পদ্ধতির সঙ্গে অভ্যস্ত নন।ই-ভোটের নানা দিকই-ভোট পরিচালিত হয় ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে। এর চারটি অংশ বা ইউনিট রয়েছে। ব্যালট ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট, ডিসপ্লে ইউনিট ও ব্যাটারি ইউনিট। ব্যালট ইউনিটে প্রত্যেক প্রার্থীর নাম ও প্রতীকের পাশে থাকে একটি করে বোতাম। এ বোতামটি একবার চাপলেই ভোট দেওয়া হয়ে যায়। সঠিকভাবে ভোট দেওয়া হলে বোতামের পাশে থাকা ছোট বাতিটি জ্বলে ওঠে। আর যন্ত্রের ভেতর থেকে বলা হয়: ‘ভোট সঠিক হয়েছে।’ এরপন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকা নিয়ন্ত্রণইউনিট থেকে ব্যালট বোতামে চাপ দিলেই তা পরবর্তী ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে তা আবার অকার্যকর হয়ে যায়। ইভিএমের সঙ্গে থাকে একটি ডিসপ্লে ইউনিট। সঠিকভাবে ভোট দেওয়া হলে মোট ভোটের সঙ্গে তা যোগ হয় এবং ডিসপ্লে ইউনিটে তা দেখা যায়। ভোট যন্ত্র চালানোর জন্য সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে একটি করে স্মার্ট কার্ডভিত্তিক আইডি (পরিচিতি নম্বর) দেওয়া হয়। এ কার্ড ছাড়া কন্ট্রোল ইউনিট চালানো যায় না। ইভিএম ব্যাটারি চালিত। একবার চার্জকরলে ব্যাটারিটি টানা ২০ ঘণ্টা চলে। ব্যাটারির চার্জ কমে গেলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকা কন্ট্রোল ইউনিটে সংকেত আসবে। এরপর পুরোনো ব্যাটারি খুলে নতুন ব্যাটারি লাগালে চলবে। এবারে ইভিএমের একটি ব্যালট ইউনিটে ১৬ জন প্রার্থীর জন্য ব্যবস্থা ছিল।একটি আসনে প্রার্থীর সংখ্যা এর বেশি হলে দুটি কিংবা তিনটি এমনকি পাঁচটি পর্যন্ত ব্যালট ইউনিট একটির সঙ্গে আরেকটি সংযোগ দিয়ে ৮০ জন পর্যন্ত প্রার্থীর ভোট নেওয়া যাবে।ভোট নেওয়া শেষ হলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কন্ট্রোল ইউনিটের ক্ল্লোজ বোতামটি চেপে ভোট গ্রহণের সমাপ্তি টানবেন। এরপর ব্যালট ইউনিট আর কার্যকর করা যাবে না। এরপর প্রিসাইডিং কর্মকর্তার কন্ট্রোল ইউনিটে তাঁর কার্ড ঢুকিয়ে ফাইনাল রেজাল্ট বোতাম চাপলে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর মোট ভোট কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে দেখা যাবে। ফাইনাল রেজাল্ট সুইচটি দ্বিতীয়বার চাপলে নিকটতম প্রার্থীর এবং এভাবে একের পর এক সব প্রার্থীর মোট ভোট দেখা যাবে। এ মেশিন ব্যবহারের সুবিধা হচ্ছে ব্যালট ছাপানোর কাগজের খরচ ও তা পরিবহনের খরচ বাঁচবে। সাশ্রয় হবে ভোট গণনার কাজে নিয়োজিত লোকবলের খরচও। ভোটের ফলাফল নির্ভুল ও দ্রুত পাওয়া যাবে। এতে বাতিল ভোট গ্রহণ করা হবে না। কেন্দ্র দখলের বিরুদ্ধেও রয়েছে প্রতিরোধ-ব্যবস্থা। এ প্রসঙ্গে এস এম লুৎফুল কবীর বলেন, একজন ভোটার ব্যালট ইউনিটের সুইচটি একের পর এক যতবার চাপুন না কেন, প্রথমবারের ভোটটিই কেবল গ্রহণ করা হবে। এ ছাড়া ভোটার যদি দুটি সুইচের ওপর একসঙ্গে চাপ দেন তাহলেও যন্ত্র ভোটটি গ্রহণ করবে না। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কন্ট্রোল ইউনিট থেকে স্মার্ট কার্ডটি বের করে নিলে বা ক্লোজ সুইচটি চেপে দিলেই কেন্দ্র দখলকারীরা আর ভোটিং মেশিনে কোনো ভোট দিতে পারবে না। এ ছাড়া ভোটের তথ্যগুলো এক জায়গায় না লিখে যন্ত্রের চারটি জায়গায় লেখা থাকে বলে হারিয়ে যাওয়ার ভয় থাকে না। এমনকি যন্ত্রটি ভেঙে ফেললেও তথ্য উদ্ধার করা যাবে। সত্যিকারের সূচনা২০০৬ সালের দিকে আমাদের শিক্ষার্থীদের ভোটগ্রহণে স্বচ্ছতা নিরূপণের জন্য একটি পদ্ধতি উদ্ভাবনের কথা ভাবতে বলি। এটি ছিল শিক্ষাক্রমের বাইরে তাঁদের একটি দায়িত্ব। এক বছর পর তারা এর একটি ভিত্তি দাঁড় করায়। ২০০৭ সালে মার্চে বুয়েটের একটি সেমিনারে এই ই-ভোটের মেশিনটি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখানো হয়। ২০০৭ ও ২০০৯ সালে ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচনে আমরা এটি সফলভাবে কাজে লাগাতে পেরেছি—জানালেন এস এম লুৎফুল কবীর। চট্টগ্রাম সিটি করপোরেশন ভোটের পর নির্বাচন কমিশনের সঙ্গে যন্ত্র নির্মাতাদের কথা হয়েছে।ভবিষ্যতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আরও বড় আকারে এর প্রয়োগ করা হবে বলেজানা গেছে। দেশি প্রযুক্তির সফল প্রয়োগে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।