সব আঘাতের দাগ দেখা যায় না

শিক্ষিত পরিবারে নারীর প্রতি সহিংসতা ঘটে না—এই ধারণা যে কত ভুল, আরেকবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এলমা চৌধুরীর মৃত্যু। শিক্ষিত পরিবারেও কেন এমনটা হয় এবং নির্যাতিতই–বা দিনের পর দিন চুপ করে এটা মেনে নেন কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের অকাট্য প্রমাণ শরীরে আঘাতের চিহ্ন। কিন্তু কালশিটে দাগ না হলেও তো আঘাত হয়। গোপনে সয়ে যাওয়া সেসব আঘাতের অভিঘাত মাপার কোনো পদ্ধতি মানুষের জানা নেই। বেশির ভাগ সময় সে অভিঘাত টুপ করে গিলে টু-লেটের মতো মুখে ঝুলিয়ে রাখতে হয় একটা কৃত্রিম হাসি। বলার অপেক্ষা থাকে না, অধিকাংশ সময় এটি নারীর জন্যই বরাদ্দ থাকে। তাঁরা চারপাশ থেকে শোনেন, ‘সয়ে নাও, ঠিক হয়ে যাবে।’ নগরের এক বসার ঘরের এ সপ্তাহে ঘটে যাওয়া পাঁচ মিনিটের একটি ছোট্ট ঘটনা শোনা যাক।

কোলাজ: প্রথম আলো

জলি-বেলায়েত (ছদ্মনাম) নবদম্পতি। বিজয় দিবসের ছুটিতে নোয়াখালী থেকে বেড়াতে এসেছিলেন উত্তরায় আত্মীয়বাড়িতে। আদর–সমাদরে ভালোই কেটেছে তিন দিন। কিন্তু শেষ দিন বিকেলে বসার ঘরে সিদ্ধান্ত হয়েছিল, জলির পড়ালেখার আর প্রয়োজন নেই। কথা প্রসঙ্গে জলি এ বাড়ির একমাত্র চাকরিজীবী নারীকে জানিয়েছিলেন, এসএসসিতে তিনি কমার্স থেকে জিপিএ–ফাইভ পেয়েছেন। অথচ বিয়ের পর এইচএসসি পরীক্ষার অনুমতি নিতে হয়েছে ইতালিপ্রবাসী স্বামীর হাতে-পায়ে ধরে। কথাটি বলার সময় মেয়েটির চোখভরা ছিল পানি। স্বনির্ভর অপর নারীর মায়া হয়েছিল ভীষণ। বলার অনেক কথা থাকলেও এটি তাঁরও শ্বশুরবাড়ি বিবেচনায় চুপ করেই ছিলেন। শেষ পর্যন্ত জলির পড়ালেখা থামানো ঠিক হবে না, মন্তব্যটুকু আর প্রকাশ না করে থাকতে পারেননি। তখনই সিদ্ধান্ত দেওয়া হলো, জলির বিদ্যার্জন এখানেই শেষ। পড়ালেখা করতে নয়, তাঁকে আনা হয়েছে সংসার গোছানোর জন্য। আর অন্যদিকে ‘উসকানিদাতা’ খেতাব পেয়ে ভেজা মুড়ির মতো মিইয়ে গেলেন সপ্রতিভ কর্মজীবী অপর নারী।

ধারণা করা হচ্ছে, ট্রেনের কামরায় বসে বিমানবন্দর স্টেশন থেকে বেগমগঞ্জ পর্যন্ত জলিকে কয়েক দফায় গোপনে চোখ মুছতে হয়েছে। কাজটি সবার সামনে করার সুবিধাটুকুও বরাদ্দ হয়নি তাঁর জন্য। কেননা, এর সঙ্গে শ্বশুরকুলের মানসম্মান জড়িত। আর কিছুই বলতে না পেরে কর্মস্থলে ফেরার সময় সিএনজির অন্ধকারে নিজের অসহায়ত্বে দগ্ধ হয়েছেন অন্যজন। ভিন্ন অবস্থানে থাকা দুই নারী সেদিন অভিন্ন মানসিক অবস্থাতেই ছিলেন উত্তরার ওই বসার ঘরে। মানসিক এ পরিস্থিতিকে নির্যাতন বলা যায় কি না, সে সিদ্ধান্ত পাঠকের। তবে এসব টুকরা ঘটনাতেই থাকে ভবিষ্যতের ইঙ্গিত। অন্তত সর্বশেষ ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডও তা–ই বলে। ১৪ ডিসেম্বর বনানীতে নিহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এলমা চৌধুরীর মানসিকভাবে নির্যাতিত হওয়ার বহু ইতিহাস ছিল। নৃত্যকলা বিভাগের এ ছাত্রীকে বিভিন্ন পর্যায়ে নাজেহালের কথা জানিয়েছে তাঁর পরিবার। এলমার বাবা বলছিলেন, চলে আসার কথা বললে মেয়ে জানিয়েছিলেন, সব ঠিক হয়ে যাবে। এসব ঠিক হয়ে যাওয়ার আশাটা ভুল কিছু নয়। কিন্তু পরিস্থিতির পরিবর্তনের আভাস না থাকলে এ কালক্ষেপণই একদিন চূড়ান্ত পরিণতি ঘটায়। সে যন্ত্রণায় নারীর কোনো শ্রেণিভেদ হয় না। শিক্ষিত হলে নারীর প্রতি সহিংসতা ঘটে না, ধারণাটি ভুল। ২০১১ সালের জুনে স্বামীর হামলায় দৃষ্টিশক্তি হারানো শিক্ষক রুমানা মনজুরের ঘটনা নিশ্চয়ই মনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক রুমানা মনজুরের সেদিনের পরিণতি এক দিনে ঘটেনি। ১০ বছর ধরে তিনি স্বামীর সন্দেহবাতিকগ্রস্ততা মেনে নিচ্ছিলেন।

আঁকা: আরাফাত করিম

নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এলমা চৌধুরীও ভাবছিলেন, কানাডাপ্রবাসী স্বামী হয়তো নিজেকে শুধরে নেবেন। এই নারীরা শিক্ষিত। কেউ প্রতিষ্ঠিত, কেউ প্রতিষ্ঠিত হওয়ার দ্বারপ্রান্তে। নারী নির্যাতন প্রসঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলছিলেন, আর্থিক অবস্থার তারতম্যের সঙ্গে নির্যাতনে পার্থক্য হতে পারে। তবে নারী নির্যাতনের ঘটনা সব রকম অবস্থাসম্পন্ন পরিবারেই ঘটতে পারে এবং ঘটে থাকে। চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবারের কাছ থেকেও নারী নির্যাতনের অভিযোগ আসে তাঁদের কাছে। তবে এসব ক্ষেত্রে সরাসরি শারীরিক আঘাতের চেয়ে বেশি থাকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের অভিযোগ। মানসিক নির্যাতন যে আমলেই নেওয়া হয় না, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি একে নির্যাতনের তালিকাতে স্থান দেওয়া হবে কি না, তা নিয়েও বচসা কম নেই। এর আরেকটি কারণ সম্ভবত আইনগতভাবে কম শাস্তির বিধান। মানসিক নির্যাতনের শিকার হলে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০–এর আওতায় অভিযোগ জানানোর সুযোগ থাকলেও এর শাস্তি কঠোর নয়। এ আইনের অধীনে সংঘটিত অপরাধ যেমন আমলযোগ্য, তেমনি জামিনযোগ্য ও আপসযোগ্য। বাংলাদেশে এর প্রয়োগ নেই বললেই চলে, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন।

এ প্রসঙ্গে আরেকটি কথা বলা প্রয়োজন। নারীরা যেমন মানসিক, শারীরিকভাবে নির্যাতিত হন, একই সঙ্গে নির্যাতনের সুযোগও কখনো কখনো তিনি নিজের অজান্তেই তৈরি করেন। সে ঘটনা সাধারণত কিশোরীদের ক্ষেত্রে বেশি ঘটে। কিশোর–কিশোরীদের কৈশোরের সব সিদ্ধান্তের দায়ভার তার একার নয়। পরিবারের দায়িত্বশীল হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তেমনি নারী নির্যাতনের প্রসঙ্গেও পরিবারের মানসিক অবস্থাই সবচেয়ে জরুরি। কেননা, মানসিক আঘাতের দাগটা দেখানো যায় না। কিন্তু একটু একটু করে সে আঘাতই তৈরি করে হত্যা বা আত্মহত্যার পটভূমি।