
ফটিকছড়ি উপজেলা সদরের ২০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রের দোতলা ভবন হয়েছে দুই বছর আগে। আছে শয্যার আসবাবপত্র। প্রয়োজনীয় যন্ত্রপাতিও দেওয়া হয়েছে। সবকিছুই এখন পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। কারণ জনবলই নিয়োগ দেওয়া হয়নি। ফলে পূর্ণাঙ্গ হাসপাতালের সেবা পাচ্ছেন না স্থানীয় লোকজন।
স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বর্তমানে কোনো রকমে স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রের লোকবল দিয়ে বহির্বিভাগের সেবা চালানো হচ্ছে। অথচ পর্যাপ্ত লোকবল থাকলে অন্তর্বিভাগের সেবা দেওয়া সম্ভব হতো। উপকৃত হতো গ্রামের মানুষ।
স্বাস্থ্যকেন্দ্রের সেবিকা এগনাস হার্থা জানান, এখানে প্রতিদিনই বহির্বিভাগে কমপক্ষে ১০০ জন রোগী চিকিৎসা নিতে আসে। একটি সাবসেন্টারের বরাদ্দ দিয়ে এত রোগীকে বিনা মূল্যের ওষুধ দেওয়া সম্ভব হয় না। তার পরও মানবিক কারণে ২০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন তিনি।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, ২০০৭ সালের ২৯ মার্চ তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা এ এস এম মতিউর রহমান ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১০ সালের ১০ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন এটি উদ্বোধন করেন।
এ সময় রাঙ্গামাটিয়া স্বাস্থ্যকেন্দ্রটিকে ২০ শয্যার নতুন ভবনে স্থানান্তর করে সেখানে কার্যক্রম চালু হয়। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে নতুন ভবনে শয্যা থাকলেও এগুলোর কোনো ব্যবহার নেই।
সরেজমিনে দেখা যায়, দুটি কক্ষে শয্যা পাতা রয়েছে। পাশের কক্ষে একজন সেবিকা কয়েকজন রোগীর চিকিৎসা দিচ্ছেন। অপর পাশে দুটি শৌচাগার। একটির দরজা ভাঙা।
চিকিৎসা নিতে আসা উপজেলার ধুরুং গ্রামের বাসিন্দা আবু জাফর বলেন, ‘কয়েক দিন আগে আমার তিন বছর বয়সী শিশুপুত্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়। স্বাস্থ্যকেন্দ্রে এলে চিকিৎসক সেখানে ভর্তি না দিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন। পরে সেখানে গিয়ে চিকিৎসা নিই।’
রাঙ্গামাাটিয়া গ্রামের আশরাফ আলী জানান, চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনো ওষুধ পাওয়া যায় না।
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশিষ দত্ত বলেন, ‘উদ্বোধনের পর থেকে কয়েকবার সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনবল দেওয়ার কথা লিখেছি। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।’
জানতে চাইলে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, জনবল নিয়োগে শিগগির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।