সব উন্নয়নই বিএনপি আমলের: খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি প্রকল্প উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর প্রতিক্রিয়ায় খসরু প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের উন্নয়ন বলতে যা কিছু হয়েছে তার সবই হয়েছে বিএনপি সরকারের আমলে। বর্তমান সরকার এখন ওইসব প্রকল্প উদ্বোধন করছেন। দুই বছরেও তাঁরা নতুন কিছু করতে পারেনি।সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালে কর্ণফুলী সেতুর জন্য কুয়েত ফান্ডের টাকা জোগাড় করেছি। দ্রুত নির্মাণকাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু তৎকালীন মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ সেতু নির্মাণের বিরোধিতা করেন। এ বিরোধিতার জন্য তিনি কন্টেইনারের মধ্যে একটি কার্যালয়ও খুলেছিলেন। চট্টগ্রামে হরতাল করেছিলেন। এসব কারণে সেতুর নির্মাণকাজ কার্যত দুই বছর পিছিয়ে গেছে।’তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে হয়তো এত দিনে কর্ণফুলী নদীতে আরও একটি সেতু কিংবা ট্যানেল হয়ে যেত। কারণ আমাদের সরকারের আমলে আমরা এ প্রকল্প মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করে রেখেছিলাম।’খসরু বলেন, ‘কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি গঠনের কাজ আমাদের সরকারের আমলে ৯০ শতাংশ শেষ হয়েছিল। কাজেই এ কোম্পানি গঠনের কৃতিত্বও বিএনপি দাবি করতে পারে। আদালত ভবন নির্মাণের প্রকল্প আমাদের সরকারের আমলে অনুমোদিত হয়েছিল।’ চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবন বিএনপি সরকারের আমলে হয়েছে বলে দাবি করে নগর বিএনপির সভাপতি বলেন, বিএনপি চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অবকাঠামো নির্মাণের কাজে হাত দিয়েছিল।খসরু বলেন, ‘এ সরকার যদি সেই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে কিছু যোগ করতে পারে তাহলে সেটা হবে চট্টগ্রামবাসীর জন্য বাড়তি পাওনা। আমরাও চাই সরকার কিছু একটা করুক। তাহলে এ সরকারের আমলে চট্টগ্রাম সত্যিকার বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে উঠবে। এতে চট্টগ্রামবাসীর সঙ্গে আমি এবং আমাদের দলও খুশি হবে। কারণ চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যেক রাজধানী হিসেবে গড়ে তোলা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি।’