সব ছাপিয়ে শিশুরা
‘ও নদীরে তুই যাস কোথায় রে’ গানটি বেজে উঠতেই মঞ্চের অন্ধকার কেটে আলো জ্বলে উঠল। ফ্যাশন র্যাম্পে বাজনার তালে তালে একে একে হেঁটে আসছিল শিশু মডেলরা। সবার মধ্যেই পেশাদারি ভঙ্গি। দর্শকেরা তুমুল করতালি আর উল্লাস ধ্বনিতে স্বাগত জানালেন ১০ খুদে তারকাকে। নুরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা তখন সমাপ্তির দিকে গড়িয়েছে। এতক্ষণ দেশের নামকরা মডেলদের ফ্যাশন কিউ দেখেছেন দর্শকেরা। কিন্তু আর কোনো কিউ এমন উচ্ছ্বাস আনন্দে ভাষায়নি দর্শকদের। শিশুরা যেন সবাইকে ছাপিয়ে গেল। চোখে মুখে নদীর ঢেউয়ের মতোই চঞ্চলতা আর দুষ্টুমি। গানের তালে নেচে নেচে শুরু হলো পোশাক প্রদর্শন। মঞ্চের সামনে যখন চার শিশু মডেল দাঁড়িয়ে তখন পেছনের সারিতে ছয় শিশু মডেল। এরপর দুজন দুজন করে এগিয়ে এল চার থেকে ছয় বছর বয়সী ছয় শিশু মডেল। উড়ন্ত চুমু ছুড়ে দিল দর্শকদের উদ্দেশে। সঙ্গে সঙ্গে তুমুল করতালি। র্যাম্পে শিশুরা যখন হেঁটে বেড়াচ্ছিল তখন দর্শকেরা ছিলেন মুখর। শিশুদের অঙ্গভঙ্গি দেখে কেউ হেসে গড়াগড়ি যাচ্ছিলেন। কেউ হর্ষধ্বনি দিয়ে উৎসাহ দিচ্ছিলেন। এক দর্শক বললেন, ‘পোশাক দেখব কখন। শিশুদের দেখতে দেখতেই তো সময় চলে যাচ্ছে।’ এরপর ইংরেজি গান ‘ড্যাডি কুল’ এর সুর ভেসে এল। তখন বদলে গেলে শিশুদের নাচের ধরন। পাশ্চাত্য ঢঙের নাচেও শিশুরা ছিল সাবলীল। মঞ্চ মাতানো শিশুদের এই কিউর কোরিওগ্রাফি করেন অনন্য বড়ুয়া। মাঝের সারিতে বসা দর্শক রেহানা রিহা বলেন, ‘শিশুরা খুব প্রাণবন্ত। এদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের তারকারা। এত প্রাণোচ্ছল উপস্থাপনা দেখে নির্মল আনন্দ পেয়েছি।’ কোনো কোনো দর্শকের মন্তব্য, বড়দের চেয়েও শিশুদের উপস্থাপনা ছিল ভালো। শিশুদের এই প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনের সেরা আকর্ষণ বলে মনে করেন বেশির ভাগ দর্শক। ভবিষ্যতে সুপার মডেলরা যখন ফিরে যাচ্ছিল তখন মিনায়তনভর্তি দর্শক তুমুল করতালি দিয়ে তাদের অভিনন্দিত করে।