
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন হলিউডের অভিনয়শিল্পীরা। অনেকে বলছেন, জাতি হিসেবে মার্কিনদের নিজেদের নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। খ্যাতিমান হলিউড অভিনেতা টম হ্যাংকস কী ভাবছেন? তিনি বলছেন স্বপ্নের কথা, এগিয়ে যাওয়ার কথা। সম্প্রতি নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে বক্তব্য রেখেছেন দুবার অস্কারজয়ী এই তারকা।
সিনেমা নিয়ে আমার ভাবনার জায়গাটা বলি। কিছুদিন হলো জাতি হিসেবে পৃথিবীর কাছে আমাদের পরিচয়টাই বদলে গেছে। আমরা কারা, আমরা কী বিশ্বাস করি, আমরা কোন আদর্শ ধারণ করি—সময়ে সময়ে এসবই সিনেমার মাধ্যমে আমরা তুলে ধরেছি। চলচ্চিত্র সব সময় আমাদের জীবনটাকে পর্দায় তুলে ধরে। যখনই আপনি টেলিভিশন অন করেন না কেন, যত অনন্যসাধারণ গল্পই দেখেন না কেন, কোনো না কোনোভাবে নিজেকে খুঁজে পাবেন। ছবিটা গত বছরের হোক বা ১৯৩০-এর দশকে বানানো হোক না কেন, চলচ্চিত্র সব সময়ই বাস্তবের প্রতিফলন। পর্দায় নিজেদের দেখতে মন্দ লাগে না।
চলচ্চিত্র একটা শিল্প। আর আমরা যারা অভিনয় করি, তাঁরা এই শিল্পের কারিগর। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যখন আমাকে জিজ্ঞেস করে, ‘মিস্টার হ্যাংকস, অমুক চরিত্রে অমুক দৃশ্যটাতে আপনি কীভাবে অভিনয় করলেন?’ আমি বলি, আপনি নিজেই করে দেখুন। এর চেয়ে ভালো উত্তর আমার জানা নেই।
আমার সৌভাগ্য, বহুদিন ধরে আমি এই শিল্পের সঙ্গে আছি। কোনো চরিত্রের ভেতর ঢুকে পড়ার একটা রোমাঞ্চ আছে। দর্শক যখন ভাবে, ‘আরে এই চরিত্রটা তো আমার মতো। তাঁর জায়গায় আমি থাকলে কী করতাম?’ একজন অভিনয়শিল্পীর কাছে এর চেয়ে আনন্দের কিছু নেই। ছোটবেলা থেকে শুরু করে আজ এই ৬০ বছরের বৃদ্ধ বয়স পর্যন্ত যতবার পর্দার সামনে বসেছি, আমি একই জিনিস ভেবেছি। ‘গল্পের চরিত্র ওই লোক, ওই নারী কিংবা ওই শিশুর জায়গায় থাকলে আমি কী করতাম?’
আমেরিকা এখন যে অবস্থায় আছে, এর চেয়েও অনেক খারাপ সময় আমরা পেরিয়ে এসেছি। জীবদ্দশায় আমি এ শহরের রাস্তায় অনেক বিশৃঙ্খলা দেখেছি, আমাদের প্রজন্মকে লড়াই করতে দেখেছি। আমরা এমন অনেক সময় দেখেছি, যখন নেতাদের কথা আমাদের ভ্রু কুঁচকে দিয়েছে। ভাবতে বসেছি, তাঁরা কি আমাদের মিথ্যা বলছেন? নাকি তাঁরা যা বলছেন, তা সত্যিই তাঁরা বিশ্বাস করেন!
আমি বিশ্বাস করি, সব ঠিক হয়ে যাবে। কারণ, প্রতি মুহূর্তেই আমরা পৃথিবীবাসীর কাছে পরীক্ষা দিচ্ছি। জানাচ্ছি, আমরা কারা। ‘আমেরিকান’ হিসেবে প্রতিনিয়ত নিজেদের পরিচয় দিতে হচ্ছে। আমরা বলি, আমরাই পৃথিবীর সেরা জাতি। একটু একটু করে আমরা এগোই, কিন্তু এই সম্মুখযাত্রা কখনো থমকে যায় না।
এ প্রসঙ্গে স্মরণ করছি ব্রুস স্প্রিংস্টিনের সেই গান: ‘এক পা এগোই, দুই পা পেছাই’। তবু সান্ত্বনা এই, এগোনো তো অব্যাহত আছে। সামনের দিকে তো ছুটতেই হবে, নইলে লোকে কী বলবে!
ইংরেজি থেকে অনুবাদ: মো. সাইফুল্লাহ
সূত্র: ইডব্লিউ ডট কম