সব ঠিক হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাবা যেদিন হঠাৎ করে বললেন, ‘শ্বাসকষ্ট হচ্ছে, ভালো লাগছে না।’ আমরা অভয় দিয়ে বললাম, ‘চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে।’ এক দিন আগেও যে মানুষ দিব্যি সুস্থ হয়ে হেঁটেছেন, সব কাজ করেছেন, কী আর হবে তাঁর! জীবনের মোটে পাঁচটা যুগ পার হয়েছে কি হয়নি, বিজ্ঞানের যুগে, আধুনিক চিকিৎসার কল্যাণে খুব বেশি বয়সও তো হয়নি। এক দিনের জ্বর আর কাশি। সবাই ভাবল এ আর এমন কী। দেখতে দেখতে ভালো হয়ে যাবে ঠিক।
কিন্তু ঠিক হয় না। রঞ্জনরশ্মি বুকটার ছবি তুলে আনল। চিকিৎসক আঁতকে উঠলেন, একটা ফুসফুস কোথায়! পুরোটা সাদা হয়ে অকেজো হয়ে আছে। এটা তো দু-এক দিনের অসুখ না। না জানি কত দিনের কষ্ট, ব্যথা সদা হাস্যোজ্জ্বল মুখটা লুকিয়ে রেখেছিল। দু-একটা কাশি কখনো–সখনো, এক-আধবার বুকে ব্যথা, হাসি দিয়ে আড়াল করে রেখেছেন। কেউ বললে বলেছেন, সব ঠিক হয়ে যাবে।
কয়েকটা ঘণ্টার মধ্যে বাবাকে নিতে হলো আইসিইউতে। ভয়ংকর সব তথ্য দেখাচ্ছিল মনিটরটা। রক্তে অক্সিজেন কমছে, বাকি ফুসফুসটা কাজ করতে চাচ্ছে না, জীবাণু ছড়িয়ে রক্তের কোষ শেষ হওয়ার পথে, হৃৎপিণ্ডটা উল্টাপাল্টা লাফাচ্ছে। অধ্যাপক বলেন, ‘রোগী টিকবে না।’ শুনে মাথাটা ঘুরঘুর করছে আমার। পায়ের নিচে খালি খালি লাগছে। বাইরে এসে দেখি স্বজনদের ছলছল জিজ্ঞাসু চোখগুলো কত আশা নিয়ে তাকিয়ে আছে। অভয় দিই, সব ঠিক হয়ে যাবে।
সময় যায়, আর একটার পর একটা খারাপ খবর আসে আইসিইউ থেকে। সবচেয়ে বড় বড় ওষুধ, সর্বোচ্চ চেষ্টা বৃথা যায়। একটিবারও কোনো আশার কথা বলে না কেউ। রাজধানীর আধুনিক হাসপাতালে খুব অসহায় মনে হয় নিজেকে। টয়লেট ছাড়া কান্নার জায়গা নেই। চোখের জল কাউকে বুঝতে না দিয়ে সান্ত্বনা দিই নিজেকে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাত্র ৪০ ঘণ্টায় সব শেষ হয়ে যায়। লাশের সামনে আর তাকাতে পারি না। নিয়তির কাছে অসহায় দিশেহারা পড়ে থাকি।
এরপর আর কিছু বলার শক্তি থাকে না। কিছু করার ধৈর্য থাকে না। সমব্যথী স্বজনেরা আসেন কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে। সব ঠিক হয়ে যাবে। আমি এত দিনে জেনে গেছি, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা, ‘সব ঠিক হয়ে যাবে।’
আহাদ আদনান
মাতুয়াইল, ঢাকা