সব ধর্মের অনুসারীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু-মহিষসহ নানা উপহার নিয়ে ভক্তরা আসছিলেন দরবারে। ঢোলের তালে তালে চলছিল জিকির। বিশাল শামিয়ানার ভেতর থেকে ভেসে আসছিল ভান্ডারি গানের সুর-মূর্ছনা। পাশাপাশি চলছিল সুফিতত্ত্ববিদদের আলোচনা সভা। এভাবেই লাখো ভক্তের সমাবেশের মধ্য দিয়ে গত রোববার শেষ হলো গাউসুল আজম মাওলানা সৈয়দ আহমদ উল্লাহর (ক.) ১০৫তম ওরস শরিফ। তিন দিনের এই ওরস উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। এর মধ্যে ছিল মাইজভান্ডারি দর্শন নিয়ে আলোচনা, মিলাদ, জিকির, খতমে কোরআন, রওজা শরিফকে গোসল দেওয়া, রওজায় গিলাপ দেওয়া, আধ্যাত্মিক গানের জলসা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত। গাউসিয়া হক মঞ্জিল ও মাইজভান্ডারি একাডেমির উদ্যোগে শনিবার আয়োজিত হয় শিশু-কিশোর সমাবেশ। মাইজভান্ডারি তরিকা নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মূলত প্রেমনির্ভর এই তরিকা সব ধর্ম-বর্ণের মানুষকে ভালোবাসতে শেখায়। ওরস উপলক্ষে মেলায় পণ্য বিক্রি করতে এসেছেন পটিয়ার মো. ইলিয়াছ। তিনি বলেন, ‘মাইজভান্ডার শরিফের ওরস উপলক্ষে যে লোকজপণ্যের মেলা বসে, তা ইসলামি সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন তৈরি করেছে।’ ওরস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন বাউল-সাধক ও মারফতি গানের শিল্পীরা।ওরসে ভক্ত-আশেকদের যাতায়াত নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়। এর পাশাপাশি দরবারের প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করেন।