সব পথ মিশেছে শহীদ মিনারে
মুখে একুশের আলপনা, মাথায় বাংলাদেশের পতাকা, বুকে কালো ব্যাজ, হাতে ফুল। দীপ্ত পায়ে সিঁড়ি ভেঙে উঠে যাচ্ছে শিশুটি শহীদবেদির দিকে। ফুল দিয়ে সে মিশে গেল আবার জনতার স্রোতে। ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ ভিড় করেছিল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে। নগরের বিভিন্ন এলাকার মানুষ একুশের প্রথম প্রহর থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনারে এসেছিল। গতকাল সারা দিনই নগরের সব রাস্তায় শহীদ মিনারমুখী মানুষের ঢল দেখা গেছে। মনে হয়েছে সব রাস্তা, ফুটপাত গিয়ে মিশেছে শহীদ মিনারে।যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জন্য শুভকামনা আর সর্বস্তরে বাংলা ভাষা চালুর প্রত্যয়ে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। প্রথম ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। এরপর সাংসদ নুরুল ইসলাম ও সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মেয়রের পর চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, নগর পুলিশ কমিশনার (সিএমপি) কমিশনার আবুল কাশেম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরওয়ার জাহানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।মন্ত্রী, মেয়র ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তার পুষ্পমাল্য অর্পণ শেষে রাত সোয়া ১২টায় শহীদ মিনার সর্বস্তরের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।দীর্ঘ এক কিলোমিটার লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও জনসাধারণ। প্রতিবার রাতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করলেও এবার তিনি যাননি। তবে গতকাল সোমবার সকালে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দলের নেতা-কর্মীদের সঙ্গে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাননি। একুশের রাতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন নেতা-কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানের অনুসারীরাও ফুল দিয়েছেন শহীদ মিনারে। অন্যদিকে, মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগের নগর কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেনও একুশের রাতে শহীদদের শ্রদ্ধা জানান।একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। মন্ত্রী-আমলাদের পুষ্পমাল্য অর্পণের পর জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। জনতাকে সামাল দিতে বেগ পেতে হয় নিরাপত্তাকর্মী ও আয়োজকদের।রাতের পর সোমবার ভোরেও বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শহীদবেদিতে ফুল দেন। মা-বাবার কোলে চড়ে ছোট্ট শিশুরাও এসেছিল শহীদদের শ্রদ্ধা জানাতে। এসেছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও।আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির পাশাপাশি শহীদদের শ্রদ্ধা জানিয়েছে কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এ ছাড়া বোধন, প্রমা, উদীচী, অবসর, চারণ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।শহীদ মিনারে ঢোকা নিয়ে একুশের রাতে মুক্তিযোদ্ধা সংসদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধারা নির্ধারিত প্রবেশপথ দিয়ে না ঢুকে বের হওয়ার পথ দিয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় মুক্তিযোদ্ধারা সেখানেই পুষ্পস্তবক রেখে চলে যেতে চাইলে পুলিশ তাঁদের ওই পথ দিয়ে ঢুকতে দেয়।উদীচীর শিল্পীরা শহীদ মিনার প্রাঙ্গণে গণসংগীত পরিবেশন করেন সোমবার সকালে। এ ছাড়া বিভিন্ন সংগঠন ভাষাশহীদদের স্মরণে নগরে আলোকচিত্র প্রদর্শনী, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরের একুশের বইমেলাগুলোতেও ছিল মানুষের ভিড়। বই বিক্রিও হয়েছে অন্য দিনের তুলনায় অনেক বেশি।