সব পথই শেষে রোমে গিয়ে মেশে

এখানে শায়িত আছেন জগদ্বিখ্যাত অনেক কবি, শিল্পী, তাত্ত্বিক, কূটনীতিক, সৈনিক ও পর্যটক। তাঁদের কেউ রোমে বসবাস করতেন। কেউ রোমে এসেছিলেন কাজের জন্য। আর কেউবা অসুখে-দুর্ঘটনায় মারা গেছেন এখানেই। রোম তাঁদের সবাইকে বুকে টেনে নিয়েছে। প্রায় দুই হাজার বছরের পুরোনো রোমের প্রতিরক্ষা প্রাচীর লাগোয়া এই সমাধিক্ষেত্র যেন নানা ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের এক মরণোত্তর মিলনমেলা। ‘নন-ক্যাথলিক সিমেট্রি’ বা ক্যাথলিক ছাড়া অন্য সব মানুষের সমাধি নামে পরিচিত এই সমাধিক্ষেত্র যেন এখনো সাক্ষ্য দিচ্ছে, কীভাবে একসময় সারা দুনিয়ার কেন্দ্রে পরিণত হয়ে রোম এই প্রবাদের জন্ম দিয়েছিল যে—সব পথই শেষে রোমে গিয়ে মেশে।

‘এখানে যে শুয়ে আছে জলে লেখা তাঁর নাম’
১৮২১ সালের শীতকালে রোমের নগর কেন্দ্রে ‘ট্রিনিটা ডেই মন্টি’ গির্জা লাগোয়া স্প্যানিশ সিঁড়ির কাছের একটা বাড়িতে শুয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন এক ইংরেজ তরুণ। তাঁর যক্ষ্মা হয়েছিল। দিন শেষ হয়ে এসেছে বুঝতে পেরে ঘনিষ্ঠ এক বন্ধুকে তিনি সেখানকার প্রোটেস্ট্যান্ট কবরস্থানটা দেখে আসতে বলেছিলেন। কেননা ক্যাথলিক না হওয়ায় রোমের প্রথা অনুসারে ওই কবরস্থানেই ঠাঁই মিলবে তাঁর। কবরস্থান ঘুরে এসে বন্ধুটি তাঁকে বলেছিলেন, একজন কবির হাড়গোড়ের জন্য জায়গাটা ভালোই! এভাবে মৃত্যুকে আলিঙ্গন করা প্রচণ্ড রোমান্টিক ওই তরুণ আর কেউ নন, প্রখ্যাত ইংরেজ কবি জন কিটস।
পিরামিড আর নগর প্রাচীরের লাগোয়া কবরস্থানের ফটক পেরোলেই নগরের কোলাহল কমে আসতে শুরু করবে। একটু ভেতরের দিকে যেতে যেতে মনে হবে হঠাত্ই যেন শতবর্ষের নীরবতার এক অন্য কোলাহল আপনাকে কাছে টেনে নিচ্ছে। গাছে গাছে পাখিদের কলকাকলি আর ছায়াঘেরা বাগানের ফুলের সুবাস আপনাকে মোহাবিষ্ট করবে, ছিনিয়ে নেবে ইহলোকের ব্যস্ততা থেকে। সারি সারি দিঘল গাছের ফাঁকফোকর গলে চুঁইয়ে পড়া রোদে চোখে পড়বে কবরে কবরে নামফলকের সারি। দুনিয়ার বুকে নাম লিখে চলে যাওয়া, নীরবে শুয়ে থাকা এই মানুষেরা একসময় মুখর ছিলেন। কেউ কেউ এখনো আমাদের মুখর করে রাখেন।
কিটসের কবরের চারপাশে ডেইজি ফুলের গালিচা। সাদা সাদা ফুলে ছেয়ে আছে ঘাস। স্নিগ্ধ কিন্তু অদ্ভুত বিষণ্ন কবরটার নামফলকে যা লেখা, তার ভার বহন করা সত্যিই কষ্টকর। মৃত্যুশয্যায় শুয়ে থাকা মাত্র ২৫ বছরের এক তরুণ কীভাবেই না জীবনের শেষদিনগুলোকে দেখেছিলেন। তখনো কাব্য প্রতিভার যথাযথ স্বীকৃতি না মেলা এই তরুণ কী ভেবেছিলেন, তিনি কিছুই করতে পারেননি! কোনো স্বাক্ষরই রেখে যেতে পারছেন না এই দুনিয়ায়! প্রাণের বন্ধু আরেক কবিকে তাই সমাধিফলকে লেখার জন্য বলে গিয়েছিলেন নিজের এপিটাফ—‘এখানে যে শুয়ে আছে জলে লেখা তাঁর নাম’।

পার্সি বিশি শেলি
ইংরেজি সাহিত্যের আরেক খ্যাতনামা রোমান্টিক কবি পার্সি বিশি শেলি ছিলেন কিটসের ঘনিষ্ঠ বন্ধু। কিটসকে সমাহিত করা রোমের এই সমাধিক্ষেত্র দেখে শেলি বলেছিলেন, সম্ভবত তাঁর দেখা সবচেয়ে সুন্দর সমাধিক্ষেত্র এটা। কিন্তু তখনো তিনি জানতেন না মাত্র এক বছরের মাথাতেই তাঁর নিজেরও চিরনিদ্রা হবে এখানেই। কিটসের মৃত্যুর বছর খানেক পরই ইতালির সমুদ্রসৈকতে ডুবে মারা যান সাঁতার না-জানা শেলি। উপকূলে ভেসে ওঠার পর শেলির জামার পকেটে পাওয়া গিয়েছিল কবি বন্ধু কিটসের একটা কবিতা।
১৮২২ সালে প্রাচীন রোমের প্রতিরক্ষা প্রাচীরের ঠিক নিচে ওই কবরস্থানেই সমাহিত করা হয় কবি শেলিকেও। শেলির কবরের পাশ থেকেই উঠে গেছে প্রতিরক্ষা প্রাচীরের একটা ‘ওয়াচ টাওয়ার’ বা পাহারা চৌকি। ভাঙাচোরা ওই পাহারা চৌকিতে হয়তো এখনো পাহারায় আছেন পুরাকালের সেই দুর্ধর্ষ যোদ্ধারা। আর তাঁরা পাহারা দিচ্ছেন কিটস, শেলিসহ রোমের আরও সব খ্যাতনামা অতিথিদের, যাঁরা রোমে কাটিয়ে গেছেন জীবনের সেরা একটা সময় কিংবা রোমে এসেই বিদায় নিয়েছেন অন্তিম শয়ানে।

আন্তোনিও গ্রামসি
বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী চিন্তক, তাত্ত্বিক ও রাজনীতিকদের একজন আন্তোনিও গ্রামসি। ইতালির সার্দিনিয়া দ্বীপে জন্মগ্রহণকারী গ্রামসি ইতালীয় কমিউনিস্ট পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং একসময়ের শীর্ষ নেতাও। তাঁর লেখালেখির বিষয় মূলত রাজনৈতিক তত্ত্ব, সমাজবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান। সম্ভবত ‘সাংস্কৃতিক আধিপত্য’ তত্ত্বের জন্যই এখনো সবচেয়ে বেশি আলোচিত গ্রামসি।
ইতালির স্বৈরশাসক মুসোলিনির আমলে গ্রেপ্তার হন এবং দীর্ঘসময় কারাবন্দি থাকেন গ্রামসি। পার্লামেন্ট সদস্য হিসেবে ‘দায়-মুক্তি’ থাকা সত্ত্বেও ১৯২৬ সালে গ্রামসিকে গ্রেপ্তার করে তাঁর বিচার শুরু করে মুসোলিনির সরকার। বিচারের সময় এক কৌঁসুলি গ্রামসি সম্পর্কে বলেছিলেন, ‘আগামী ২০ বছরের জন্য অবশ্যই এই মস্তিষ্কের কাজ করা বন্ধ করতে হবে আমাদের। তাত্ক্ষণিকভাবেই পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় গ্রামসিকে। পরের বছর ২০ বছরের কারাদণ্ড হয় তাঁর। জেল জীবনে লেখালেখি করতে পারলেও শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েন গ্রামসি। ১৯৩২ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ইতালির এক রাজনৈতিক বন্দিবিনিময় চুক্তি ভেস্তে গিয়ে গ্রামসির মুক্তির সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনাটাও উবে যায়। ১৯৩৪ সালে স্বাস্থ্যগত কারণে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও হাসপাতালে ঘুরে ঘুরে ১৯৩৭ সালে একটা হাসপাতালেই চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। ইতালির এই কৃতী সন্তানকেও সমাহিত করা হয় রোমের এই সমাধিক্ষেত্রেই।
মৃতদের আন্তর্জাতিক সম্মিলন
শত শত বছর ধরে বিশ্ব ইতিহাসের কেন্দ্রে থাকা রোমে এসেছেন দুনিয়ার নানান প্রান্তের নানান দেশের মানুষ। অবধারিতভাবেই তাঁদের সবাই ক্যাথলিক ছিলেন না এবং তাঁদের ‘পবিত্র ক্যাথলিক সমাধিক্ষেত্রে’ সমাহিত করা সম্ভব ছিল না। প্রায় ৩০০ বছর আগে পোপ ষষ্ঠ ক্লিমেন্ট ডিক্রি জারি করে এই ‘প্রোটেস্ট্যান্ট সমাধি’ প্রতিষ্ঠা করেন। প্রথমদিকে রোমে আসা কিছু ইংরেজ পর্যটক ও ব্যবসায়ীকে সমাহিত কর হয় এখানে। রোমে ম্যালেরিয়ায় বা কলেরায় মারা যাওয়া অনেককেও সমাহিত করা হয়েছে এখানে। সমাহিত করা হয়েছে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিকেও। এভাবেই সমাধিক্ষেত্রটি ধীরে ধীরে নানান দেশের লোকজনকে সমাহিত করার মধ্য দিয়ে রোমের আন্তর্জাতিক সমাধিক্ষেত্র হয়ে উঠেছিল। এভাবেই এর নাম প্রথম দিককার ‘প্রোটেস্ট্যান্ট সমাধি’ থেকে পরিবর্তিত হয়ে ‘নন-ক্যাথলিক সিমেট্রি’ বা ক্যাথলিক ছাড়া বাকি মানুষদের সমাধিতে পরিণত হয়। এখানে সমাহিত ব্যক্তিদের তালিকায় আছেন নানান দেশের বিখ্যাত সব কবি-শিল্পী-লেখক-নৃত্যশিল্পী-সৈনিক-কূটনীতিক-পর্যটক-ব্যবসায়ী।
এখানে সমাহিত কেউ কেউ হয়তো জন্মভূমি থেকে অনেক দূরে সমাহিত হওয়ার বেদনা নিয়েই শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আবার কেউ কেউ হয়তো এখানে সমাহিত হতেই ভালোবাসতেন। কেননা তাঁরা রোমেই বসবাস করেছিলেন, রোমকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছিলেন। এখন সবাই এখানে একসঙ্গে আছেন। আমেরিকান, সুইডিশ, রুশ, আইরিশ, সার্ব, জাপানি—প্রোটেস্ট্যান্ট, অর্থডক্স খ্রিষ্টান, মুসলিম ও নাস্তিক। মৃতদের এক আন্তর্জাতিক সম্মিলন ঘটেছে এখানে।