সব পেশাতেই কাজে লাগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দিন পেশার ক্ষেত্র যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কাজের বৈচিত্র্য। পেশাগত প্রতিযোগিতা এতে যোগ করছে নতুন এক মাত্রা। কর্মক্ষেত্রে পেশাগত কাজে নিজের যোগ্যতার প্রকাশ ঘটিয়ে এগিয়ে যেতে হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন অথবা চমকপ্রদ কিছু কাজ করে দেখাতে পারলে সহজেই কর্তৃপক্ষের নজরে আসা যাবে।আবার বৈচিত্র্য বা চমক দেখাতে না পারার কারণে অনেক সময় কর্মক্ষেত্রে সামনে এগোনো কঠিন হয়ে দাঁড়াবে। তাই প্রথাগত কাজের পাশাপাশি কিছু দক্ষতা অর্জন করতে হবে, সব পেশাতেই কাজে লাগে এই দক্ষতাগুলো। কী সেসব দক্ষতা? বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সে বিষয়গুলোই খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।লাগে তথ্যপ্রযুক্তির জ্ঞানকে না জানে বর্তমান সময়ে প্রায় সবকিছুই তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে গেছে। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজও প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। এসব কারণে আপনি যে পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত হোন না কেন, আপনাকে অবশ্যই তথ্যপ্রযুক্তি জানতে হবে। করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদারের মতে, ‘তথ্যপ্রযুক্তিগত জ্ঞান না থাকলে একজন পেশাজীবীকে একটি ক্ষেত্রে পঙ্গু হয়ে থাকতে হয়। পেশার ক্ষেত্র উন্নয়নে যা কখনোই কোনো ইতিবাচক বিষয় নয়।’ এ ক্ষেত্রে কম্পিউটারের সাধারণ ব্যবহারের পাশাপাশি ছোটখাটো সমস্যা নিজে নিজে সমাধান করতে পারা, বাংলা ও ইংরেজি দ্রুত, নির্ভুলভাবে টাইপ করতে পারা, ইন্টারনেটের ব্যবহার যেমন ই-মেইল করা বা তার উত্তর দেওয়া জানা এখন জরুরি।আর পেশার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার জানা, পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপনা করাটাও জানতে হবে। মোটকথা, এই আধুনিক যুগে প্রত্যেক পেশাজীবীকে কম্পিউটার, ইন্টারনেটের ব্যবহার জানতেই হবে। তা না হলে কাজ করতে পারবে না। আর কোনো প্রতিষ্ঠানেই এ ধরনের কাজে অজ্ঞতা গ্রহণযোগ্য হবে না। যোগাযোগের দক্ষতাযোগাযোগ স্থাপন ছাড়া আমরা কেউই চলতে পারি না। আমাদের প্রাত্যহিক জীবনে চারপাশের মানুষের সঙ্গে নানাভাবে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। ব্র্যাক ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা তাহনিয়্যাত এ করিম জানান, পেশার ক্ষেত্রে সফলতার জন্য যোগাযোগের কৌশল খুবই দরকারি। যে যত ভালোভাবে এ কাজ সম্পন্ন করতে পারে, তার কাজ করা তত সহজ হয় ও এর ওপর নির্ভর করে সে সফলতার মুখ দেখতে পারে অত্যন্ত দক্ষতার সঙ্গে। তিনি আরও জানান, সব পেশাতেই নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা করার কৌশল খুবই দরকারি। এ জন্য এটি রপ্ত করতে হবে। এ ছাড়া যেকোনো দলের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতাও বেশ প্রয়োজনীয় একটি দক্ষতা। যখন একজন মানুষ কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে পারে, তখন তাঁর সাফল্য ক্রমাগত বৃদ্ধি পায়। এভাবে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা যখন নিজেদের মধ্যে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করেন, তখন সেই প্রতিষ্ঠানটিরও উন্নতি হতে থাকে দ্রুতগতিতে। তাই ব্যক্তিগত ও পেশাগত জীবনে যোগাযোগের দক্ষতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। যোগাযোগের মধ্যে রয়েছে কিছু কার্যকর আর কিছু অকার্যকর যোগাযোগ। আমাদের সব সময় কার্যকর যোগাযোগ বাড়াতে হবে। যোগাযোগ বাড়ানোর জন্য রয়েছে বেশ কিছু কৌশল। যা দিয়ে সহজে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। এসব হলো কথোপকথনের মাধ্যমে, লেখালিখির মাধ্যমে, শ্রবণ করা ও পাঠ করার মাধ্যমে যোগাযোগ। আর সব পেশাতেই এই যোগাযোগের কৌশল সমানভাবে কাজে লাগে।বুঝে নিতে হবে প্রতিষ্ঠানের স্বার্থযে প্রতিষ্ঠানে কাজ করা হচ্ছে, সে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কী। প্রতিষ্ঠানের চাওয়াই বা কী? এসব বিষয় সব সময় খেয়াল রেখে চলতে হয়। এমন কোনো কাজ করা যাবে না, যা প্রতিষ্ঠানের স্বার্থের বিপক্ষে বা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়ে যায়। তাই প্রথমেই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য কোন দিকে, তা বোঝার চেষ্টা করতে হবে। পেশার ক্ষেত্রে সফল হতে এটিও এক ধরনের কৌশল। আর এটিও সমানভাবে সব পেশার ক্ষেত্রে প্রযোজ্য।ভাষাগত দক্ষতাপ্রতিটি পেশার ক্ষেত্রে দরকারি একটি বিষয় হলো, ভাষাগত দক্ষতা থাকা। এ ক্ষেত্রে নির্ভুল ও স্পষ্টভাবে কথা বলার দক্ষতা থাকা খুবই জরুরি। মাতৃভাষা বাংলা ও ইংরেজি ভালো বলতে পারা ও লেখার দক্ষতা পেশাজীবনে বিভিন্নভাবে কাজে লাগে। এ ছাড়া যাঁরা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক, তাঁরা প্রতিষ্ঠানভেদে বিভিন্ন দেশের ভাষা শিখতে পারেন। এটি জানা থাকলে একদিক থেকে যেমন যোগাযোগ সহজ হয়, অন্যদিকে কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান তৈরি হয়।আবেগীয় বুদ্ধিমত্তা বাড়িয়ে নিনআবেগ দ্বারাই মানুষ নিয়ন্ত্রিত হয়। যিশু তরফদার বলেন, এক জরিপে দেখা গেছে, মানুষ ৮০ ভাগ আবেগ ও ২০ ভাগ বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয়। পেশাজীবনে সফলতার জন্য সাধারণ বুদ্ধিমত্তা বা যৌক্তিক বুদ্ধিমত্তার পাশাপাশি কর্মক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বৃদ্ধি করা জরুরি। আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে নিজের আবেগগুলোকে সুনির্দিষ্টভাবে বোঝা বা চিহ্নিত করা এবং অন্যের আবেগ ঠিক একইভাবে চিহ্নিত করা। যখন একজন ব্যক্তি সঠিকভাবে নিজের আবেগ ঠিকমতো বুঝতে পারবে, তখন সে নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। ভালো কাজ করার জন্য বা উন্নতির জন্য এই আবেগীয় বুদ্ধিমত্তা প্রেষণা হিসেবে কাজ করবে। আবেগীয় বুদ্ধিমত্তা বাড়লে অন্যান্য দক্ষতাও বৃদ্ধি পাবে। এর ফলে ব্যক্তি ও কর্মজীবনে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলা আনেকটাই সহজ হবে, যা সহায়ক হবে ব্যক্তি ও পেশাজীবনে সফল হতে।কীভাবে বৃদ্ধি পাবে দক্ষতাএখনকার সময়ে শুধু সাধারণ বিষয়ে জ্ঞান থাকলে চলবে না। এমন সব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, যা সব পেশাতেই কাজে লাগে। তাই প্রথাগত কাজের পাশাপাশি অন্য দক্ষতাগুলো আয়ত্ত করতে হবে—বললেন সিঙ্গার বাংলাদেশের ডাইরেক্টর করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. সানাউল্লাহ। তিনি আরও বলেন, বিশ্বায়নের এই যুগে কোনদিকে ক্যারিয়ার শুরু করতে চান, তা পেশাজীবনের শুরুতেই নির্ধারণ করে সেদিকে এগোতে হবে। পেশাজীবনে বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন পেশাগত (প্রফেশনাল) কোর্স করা যায় বলে তিনি মনে করেন। এ ছাড়া বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য নিজের ইচ্ছাকেও ইতিবাচক মনোভাব তৈরি করার প্রতি জোর দিলেন তাহনিয়্যাত এ করিম। পেশা-সংক্রান্ত বিভিন্ন দেশি ও বিদেশি বই, এ কাজে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলা, নিজের প্রজ্ঞা, মেধা ও মননের যথাযথ বিকাশ ঘটিয়ে পেশার ক্ষেত্রে বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে। আর সেটি এমনভাবেই করতে হবে, যা সব পেশার ক্ষেত্রে কাজে লাগে। www.selfgrowth.com ঠিকানার ওয়েবসাইটে গিয়েও এ-সংক্রান্ত বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন।