জীবনবদলে দেওয়াবই
নানা ধরনের ব্যস্ততার মধ্যে এখনো মানুষের প্রিয় সঙ্গী বই। কোনো কোনো বই হঠাৎ করেই খুলে দেয় হৃদয়-দুয়ার। আমূল পাল্টে দেয় ভাবনার জগৎ। তেমনই কিছু বই নিয়ে বলেছেন কজন প্রিয় মানুষ ও গুণীজন

আমার পছন্দের বই অগণিত, অতি সাধারণ বইয়ের দ্বারাও প্রভাবিত হই, উদ্দীপ্ত হই। কোনো নির্দিষ্ট বই আমাকে বদলে দেয়নি। তবে আর্নেস্ট হেমিংওয়ের দ্যওল্ডম্যানঅ্যান্ডদ্যসি বইটির একটি লাইন ‘ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড’ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন খুব নাড়া দিয়েছিল। কারণ কথাটা আমি আগে থেকেই বিশ্বাস করতাম। ভাষাটা পেয়েছি এখান থেকে।
পৃথিবীর সব লেখার মধ্যেই বিশেষ করে যেগুলো বিখ্যাত বই তার মধ্যে ভীষণভাবে, প্রলংকরীভাবে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা থাকে। এসব বইয়ের মধ্যে কী অগ্নিকাণ্ড, কী তাণ্ডব! কোনো কোনো বই আছে, পড়ার সময় মনে হয়, আমি এসব বিষয় নিয়ে যা ভেবেছি, ঠিক তা-ই যেন লেখকেরা সেগুলোতে লিখেছেন। এই বইগুলোতে নিজেকেই যেন অন্য ভাষায় ভিন্নভাবে আবিষ্কার করি। আবার অনেক সময় অনেক সাধারণ বইয়েও অনেক অসাধারণ কথা পাওয়া যায়। সত্যি বলতে কি, এমন কোনো নগণ্য বা নগণ্যতম বইও আমি আজ পর্যন্ত পাইনি যার মধ্যে কোথাও না কোথাও কোনো অসাধারণত্ব নেই। আবার এমন অনেক বই পেয়েছি যেগুলোতে অনেক ভালো বার্তা আছে, কিন্তু আমার মনের পর্দায় তার কোনো প্রতিধ্বনি না জাগায় তা আমাকে প্রভাবিত করেনি। আমি যা শুনতে চাই, যে বই বিশেষভাবে সেটি বলে, সে বইয়ের প্রভাব বেশি হবে, এমনটাই স্বাভাবিক।
সব বইয়ের মধ্যেই প্রভাবিত করার মতো কিছু না কিছু উপকরণ থাকে। সবচেয়ে খারাপ বইয়ের মধ্যেও হয়তো দুটি বা একটি এমন লাইন থাকে, যা পড়ে মনে হয় জীবনকে নতুন বা আলাদাভাবে উপলব্ধি করলাম। মনে হয় বিষয়টিকে তো আগে ঠিক এভাবে কখনো ভাবিনি অথবা জীবনকে এমন চোখে দেখিনি। সেই থেকে আমার ধারণা কোনো মানুষই সম্পূর্ণ দীপ্তিহীন নয়। সবার মধ্যে, সে যত সামান্যই হোক, কোথাও না কোথাও অসাধারণ উদ্ভাস আছেই। বড় লেখকদের মধ্যে এই উদ্ভাস অফুরন্ত, তাঁদের মস্তিষ্কের প্রতিটি প্রাণকোষ সেই দীপ্তিতে ভরা। তাই তাঁদের প্রতিটি শব্দ, প্রতিটি চেতনা মানুষকে এভাবে উদ্দীপ্ত করে।
ছেলেবেলায় আমি বই পড়েছি খুবই কম। তখন ছিলাম খেলোয়াড়, গুন্ডা হব সেটা ছিল আমার স্বপ্ন। শরীরচর্চা, ফুটবল, সাঁতার, ক্রিকেট, সাইকেল নিয়ে বাংলাদেশ ঘুরে বেড়ানো—এসব নিয়েই ছিল আমার জীবন। বইয়ের ব্যাপারে প্রথম আগ্রহী হই কলেজে ওঠার পরে। বই পড়ার জন্য হঠাৎ করেই যেন খেপে উঠলাম। মনে হলো অনেক দিনের ক্ষুধার্ত কোনো মানুষ যেন জেগে উঠল নিজের ভেতর থেকে। খেলাধুলা পুরো ছেড়ে দিলাম। এ ক্ষেত্রে আমার পরিবারের আবহ ছিল একটা বড় নিয়ামক। বাবা দিবারাত্রি পড়াশোনা করতেন। সামনে পেলাম অসাধারণ শিক্ষকদের। আমাদের সময় ও পরিবেশটা এমন ছিল যে সবাই পড়ার স্বপ্নে থরথর করত।
আবদুল্লাহ আবু সায়ীদ: বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা