সব বাধা পেরিয়ে কুসুম কুমারী

গেট দিয়ে ভেতরে ঢুকতেই কানে তালা লাগে। টিফিনের ছুটি। ছোট্ট একচিলতে আঙিনায় যেন ভেঙে পড়েছে গোটা বিদ্যালয়। কেউ এক্কা-দোক্কা খেলছে, কেউ বা নিছক ছোটাছুটি করছে। বড় মাঠ নেই, নেই খেলার সরঞ্জাম, তবু অদম্য কৈশোর যেন তার সব উচ্ছলতা নিয়ে হাজির।
সম্প্রতি নগরের জামালখান এলাকার কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে গেলে এমন চিত্র চোখে পড়ে। একচিলতে আঙিনা, এরপর চারতলা ও তিনতলা দুটি ভবন। তিনতলা ভবনটি ইতিমধ্যে সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। সেটি ভেঙে তৈরি হবে নতুন ভবন। তাই আপতত কিছু সময়ের জন্য শ্রেণীকক্ষের সংকট মেনে নিতে হচ্ছে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের। তবে এতে যে লেখাপড়ার ব্যাঘাত ঘটেনি, বিদ্যালয়ের বিগত কয়েক বছরের জেএসসি ও এসএসসির ফলাফল ঘাটলেই বোঝা যায়।
এ বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের পাসের হার ৯৯ দমিক ৪৫ শতাংশ। ১৮২ জন শিক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। জিপিএ ৪ দশমিক ৫ পেয়েছে ৮৪ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আতাউর রহমান বলেন, সিটি করপোরেশনের বিদ্যালয়গুলোর মধ্যে সেরার তালিকায় আছে কুসুম কুমারীর নাম। নানা সমস্যা সত্ত্বেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছে। শিক্ষক ও অভিভাবদের ঐকান্তিক চেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে।
১৯৬৬ সালে বিদ্যালয়টি যাত্রা শুরু করার পরপরই খুব দ্রুত মাধ্যমিক স্তরে উন্নীত হয়। বছর দশেক আগে নির্মিত হয় চারতলা নতুন ভবন। বর্তমানে নতুন ভবনে ১০টি শ্রেণীকক্ষ এবং পুরোনো ভবনে মিলনায়তন, পাঠাগার, বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাবসহ ১২টি কক্ষ রয়েছে। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম পর্যন্ত পাঁচটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪২। নানা বিষয়ের শিক্ষক আছেন ২৪ জন।
শ্রেণীকক্ষের সংকট নিয়ে প্রশ্ন করলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দিতি সাহা বলে, বসতে হয় খুব গাদাগাদি করে। তবে নতুন ভবন হলে এই সমস্যা থাকবে না।
খেলার মাঠ না থাকলেও খেলাধুলা কি বন্ধ আছে? জানা গেল, মাঠ না থাকলেও প্রতিবছর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে পাশের কোনো বিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের। এভাবেই বাধা ডিঙিয়ে চলছে খেলাধুলা। কেবল খেলাধুলা নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই এখানকার শিক্ষার্থীরা। আন্ত সিটি করপোরেশন বিতর্ক প্রতিযোগিতায় বেশ কয়েকবার চ্যাম্পিয়ান হয়েছে এই বিদ্যালয়ের বিতর্ক দল। বাদ পড়েনি সাহিত্যচর্চাও। সব শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচিত লেখা নিয়ে বিদ্যালয়ে প্রতিবছর প্রকাশিত হয় দেয়াল পত্রিকা। এ ছাড়া বছরের শুরুতেই ‘শিক্ষা সংস্কৃতি সপ্তাহ’ পালিত হয়।