বাবা-মাহারা সুতপা ধরের ফলাফল দেখে কেঁদে ফেললেন তার চাচি সম্পা ধর। প্রথম বিভাগে পাস করেছে সুতপা। কিন্তু সুতপার সে দিকে খেয়াল নেই। তার বান্ধবীদের সবাই পাস করাতেই সে খুব খুশি। কেননা সে তার স্কুল অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়কে খুব ভালোবাসে। অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগ পেয়েছে ১১৪ জন। বাকি একজন পেয়েছে দ্বিতীয় বিভাগ। সুতপা বলল, ‘আমার স্কুলে সবাই পাস করায় আমি খুব খুশি। আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই।’ সুতপার চাচি (যাকে সে মা বলে চেনে) সম্পা ধর বললেন, ‘আমাদের পরিশ্রম ও বিদ্যালয়ের গাইড লাইনেই এ সাফল্য সবাইকে আজ আনন্দ বিলাচ্ছে।’ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বললেন, ‘সব বিষয়ে সমানভাবে গুরুত্ব দিয়েই আমরা সাফল্য পেয়েছি। তবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের যৌথ চেষ্টাই এ সাফল্যের রূপকার।’