সব ভাসিয়ে নিয়ে যায় সর্বনাশা সমুদ্র
ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল এলাকার বাসিন্দা ফরিদুল আলম তখন ১১ বছরের কিশোর। ২৯ এপ্রিলের রাতে অন্যদের মতো জলোচ্ছ্বাসে ভেসে যায় তাঁর পরিবারও। বাবা আবু তাহেরসহ দুই ভাই ও দুই বোনকে ভাসিয়ে নিয়ে যায় সর্বনাশা সমুদ্র। তাঁদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। বড় একটি গাছের ডালে ঝুলে বেঁচে যান ফরিদ ও তাঁর মা রাবেয়া বেগম। সেই রাতের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বজন হারানোর বেদনা আজও ভুলতে পারেননি। একই গ্রামের বাসিন্দা ছালেহ আহমদের পরিবারের অবস্থা আরও করুণ। এ পরিবারের ১১ জন মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যান একমাত্র সদস্য নুর মোহাম্মদ। সেদিন তিনি বাড়িতে ছিলেন না। পাশের একটি বাড়িতে কাজ করতেন। সেই বাড়িটিও ভেসে যায়। ভেসে যাওয়া বাড়ির চালা আঁকড়ে ধরে বেঁচে যান তিনি। নুর মোহাম্মদ বলেন, সেই রাতে সমুদ্র এমন রুদ্রমূর্তি ধারণ করে, সব ছিন্নভিন্ন করে দেয়। পরিবারের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। দুই দিন পর আমার দুই ভাই-বোনের লাশ পেলেও বাকি নয়জনের লাশ পাওয়া যায়নি। পাশের ছিদ্দিক আহমদের পরিবারের একই চিত্র। এ পরিবারের আটজন মারা যায়। বেঁচে যান একমাত্র সদস্য মোতাহেরা বেগম। তিনি বলেন, ‘বাড়ির ওপরের চালা ধরে কোনোরকমে আমি বেঁচে যাই। দুই দিন পর বাবার লাশ পেলেও মা ও ভাই-বোনদের লাশ পাইনি।’ ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘২৯ এপ্রিল এলাকার লোকজন কখনো ভুলতে পারবে না। ভয়াবহ সেই রাতে তছনছ হয়ে যায় সবকিছু। অনেকে স্বজনদের লাশ পর্যন্ত পায়নি।’ ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দেয় মহেশখালী দ্বীপ। বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বীপ মাতারবাড়ি ও ধলঘাটা। এ দুই ইউনিয়নের কমপক্ষে ১০ হাজার লোক মারা যায়। বিলীন হয়ে যায় প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ।