সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদ উদ্দিনের প্রতীক ‘ব্রিজ’। ভোটারদের দৃষ্টি আকর্ষণে আস্ত সেতু (ব্রিজ) নিয়ে ঘুরছেন তাঁর সমর্থকেরা। ছবিটি গত মঙ্গলবার শালবন এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী
খাগড়াছড়ির পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদ উদ্দিনের প্রতীক ‘ব্রিজ’। ভোটারদের দৃষ্টি আকর্ষণে আস্ত সেতু (ব্রিজ) নিয়ে ঘুরছেন তাঁর সমর্থকেরা। ছবিটি গত মঙ্গলবার শালবন এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার নয়টি ভোটকেন্দ্রের সবগ কটিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। এর মধ্যে চারটি কেন্দ্র পুলিশের বিবেচনায় অধিক ঝুঁকিপূর্ণ। মাটিরাঙ্গার থানা থেকে এ বিষয়ে সুপারিশসহ একটি বিশেষ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের (বিশেষ শাখা) কাছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নয়টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। তার মধ্যে চারটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। ভোটের দিন গোলযোগ ঠেকাতে আগাম প্রতিবেদন দিয়েছি জেলা পুলিশ সুপারের (বিশেষ শাখা) কাছে।
এ ব্যাপারে মাটিরাঙ্গা পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নূরুল আলম বলেন, ‘২১ ডিসেম্বর আইনশৃঙ্খলা সভায় আমি নয়টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। স্থানীয় পুলিশও একই প্রতিবেদন দিয়েছে। আমাদের বিবেচনায় চারটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। প্রশাসন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেবে।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌরসভায় ভোটার ১৫ হাজার ৫৭০ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১৭১ ও মহিলা ৭ হাজার ৩৯৯ জন।
পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডের ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই চারটি কেন্দ্রে জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শকদের দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে মাটিরাঙ্গা পুলিশের পক্ষ থেকে। এ ছাড়া মাটিরাঙ্গা পৌর নির্বাচনের জন্য পাঁচজন নির্বাহী হাকিমও চাওয়া হয়েছে। তাঁদের নেতৃত্বে তিনটি স্ট্রাইকিং ফোর্স ও দুটি ভ্রাম্যমাণ দল কাজ করবে।
পুলিশ ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচন হলেও এবার প্রধান দুটি দলই দলীয় প্রতীকে নির্বাচন করছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল হক। বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া। গত পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই দলেরই একাধিক প্রার্থী ছিল। তবে এবার দল দুটি একক প্রার্থী নিয়ে নির্বাচন করছে।
এলাকার ভোটারদের বক্তব্য, সুষ্ঠু ভোট নির্ভর করছে প্রশাসনের নেওয়া পদক্ষেপের ওপর। প্রশাসন নিরপেক্ষ ও কঠোরভাবে দায়িত্ব পালন করলে ভোট সুষ্ঠু হবে বলে মনে করেন তাঁরা। পৌরসভার ভোটার আব্দুল মান্নান (৫৪) ও মো. নূরুল হক (৫০) বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির দুই মেয়র প্রার্থীই প্রভাবশালী। দুই দলেরই যথেষ্ট কর্মী-সমর্থক রয়েছে। তবে নির্বাচন শান্তিপূর্ণ করার বিষয়টি প্রশাসনের ওপরই নির্ভর করছে।
ভোটের দিন কেন্দ্র দখল হতে
পারে এমন আশঙ্কার কথা বললেন বিএনপির নেতা-কর্মীরা। অপরদিকে এসবকে প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থী বাদশা মিয়া বলেন, ‘অবশ্যই আমরা সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছি। ক্ষমতাসীন দল ভোটকেন্দ্র দখল করতে পারে বলে আমাদের আশঙ্কা। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
তবে বিএনপি প্রার্থীর এই অভিযোগ উড়িয়ে দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শামছুল হক। তিনি বলেন, ‘এসব বাজে প্রচারণা। আমি কোনো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছি না। সব কেন্দ্রেই স্বাভাবিকভাবে ভোট হবে।’