রামগড় উপজেলায় আজ পৌরসভা নির্বাচন। মাত্র দুই দিন পর ১৫ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। উপজেলার তিন ইউনিয়নের ২৭টি ভোটকেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। গত এপ্রিলে সাম্প্রদায়িক সহিংসতার কারণে আলোচিত হাফছড়ি ইউনিয়নের নয়টি কেন্দ্রেও থাকবে কড়া নজরদারি।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান জানান, ‘উপজেলার তিন ইউনিয়নের সব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব কেন্দ্রে অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।’উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালি চাকমা প্রথম আলোকে বলেন, ‘সব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও সহিংসতার আশঙ্কা করছি না। হাফছড়ি ইউনিয়নে থাকবে বিশেষ নজরদারি।’ তিন ইউনিয়নেই প্রচারণা চলছে জোরেশোরে। নির্দলীয় নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়েই নির্বাচন করছেন প্রার্থীরা। ভোটারদের মতে, উপজেলার তিন ইউনিয়নে বিএনপি, আওয়ামী লীগ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-সমর্থিত প্রার্থীদের মধ্যেই হবে নির্বাচনী লড়াই। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার তিনটি ইউনিয়নে ভোটকেন্দ্র ২৭টি, ভোটারসংখ্যা ২৫ হাজার ৫৯৯। এর মধ্যে ১ নম্বর রামগড় ইউনিয়নে ভোটার সাত হাজার ২৯১, ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ছয় হাজার ৮১৭ এবং ৩ নম্বর হাফছড়ি ইউনিয়নে ১১ হাজার ৪৯১ জন। তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন প্রার্থী। তাঁদের মধ্যে রামগড় পাতাছড়ায় পাঁচজন করে এবং হাফছড়িতে সাতজন প্রার্থী রয়েছেন। অন্যদিকে তিন ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৬৬ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ৪৬ জন প্রার্থী হয়েছেন। রামগড় ইউনিয়নে বিএনপির (ওয়াদুদ ভূঁইয়া উপদল) সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নুর হোসেন (চশমা), আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন মো. শাহ আলম (আনারস) ও আবুল হাসেম খান (গরুর গাড়ি)। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন মজিবুর রহমান (দোয়াত-কলম) ও মো. আবু তাহের (দেয়ালঘড়ি)। ২ নম্বর পাতাছড়া ও ৩ নম্বর হাফছড়ি ইউনিয়নে ইউপিডিএফের অবস্থান বেশ শক্ত। পাতাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—আশুতোষ রোয়াজা (গরুর গাড়ি), কাজী নুরুল আলম (আনারস), চাইথুই মারমা (দেয়ালঘড়ি), মনীন্দ্র ত্রিপুরা (তালা) ও আবুল বসর (দোয়াত-কলম)। হাফছড়ি ৩ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—অংগ্য মগ (মাইক), মো. আনোয়ারুল আজীম চৌধুরী (দোয়াত-কলম), মো. আরিফ উল্ল্যাহ মিয়াজী (তালা), উশেপ্রু মারমা (আনারস), চাইথোয়াই চৌধুরী (দেয়ালঘড়ি), মাহবুব আলী (গরুর গাড়ি) ও শেখ মো. ইব্রাহীম (জাহাজ)। এ ইউনিয়নে চাইথোয়াই চৌধুরী (দেয়ালঘড়ি) ইউপিডিএফের সমর্থন নিয়ে নির্বাচন করছেন।