সব মরণ নয় সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফারাজ
ফারাজ
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস। গত সংখ্যায় আহ্বান করা হয়েছিল পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। ঘোষণায়, বন্ধুর জন্য ফারাজ আইয়াজ হোসেনের প্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পাঠকদের অসংখ্য লেখা আমরা পেয়েছি। বাছাই করা কিছু লেখা নিয়ে আজকের বন্ধুসভা পাতা। আজ বন্ধু দিবসে বন্ধুসভার পাতাটি উৎসর্গ করা হলো পয়লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে।

বন্ধুর কথা চিন্তা করতে গেলে আমার চোখে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর মুখ ছাড়া আর যে ছবিটা ভেসে ওঠে, সেটা এরিক মারিয়া রেমার্কের লেখা বই থ্রি কমরেড। ইদানীং আরেকটা ছবি যেন দেখতে পাই, বন্ধুর কথা ভাবতে গেলেই দেখতে পাই। এই ছবিটা ফারাজ হোসেনের। আর ছবিটা চোখের সামনে ভেসে উঠলেই একধরনের অসহায় বেদনা গ্রাস করে হৃদয়কে। কানের কাছে শুনতে পাই প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠ। সে কণ্ঠ গুনগুন করে বলে—

জন্মিলে মরিতে হবে জানে তো সবাই

তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে

সব মরণ নয় সমান।

গানটা শুনতে শুনতে ইচ্ছা করে ফারাজের বিষয়ে আরও কিছু জানতে। সে কি ফুটবল খেলত? ক্রিকেট? ডায়েরির পাতায় গভীর রাতে লুকিয়ে লিখত কবিতা অথবা ভবিষ্যৎ জীবনের স্বপ্নের কথা? জানা হয় না। ওই ছবি বলে না এত কিছু। তবে তাঁর চোখ দুটোর দিকে তাকালে নিশ্চিত করেই বোঝা যায় ওই চোখে স্বপ্ন ছিল। আর এই স্বপ্নই তাকে জুগিয়েছিল অমন সাহস (কারণ, স্বপ্ন দেখতে জানা মানুষেরাই প্রকৃত সাহসী মানুষ)। যে সাহসে ভর করে গত ১ জুলাই জঙ্গি হামলার সময় ফারাজ হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েও তাঁর বন্ধুদের ছেড়ে আসতে চায়নি। মৃত্যুকে বরণ করেছে বন্ধুদের পাশে থেকেই। আর পৃথিবীর বুকে এঁকে গেছে বন্ধুত্বের এক অনুপম চিত্র।

দীপ্ত টেলিভিশন, ঢাকা