সব শহীদের নাম না থাকায় অসন্তোষ

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নয় বছর আগে নির্মিত হয়েছিল ১০ জন শহীদ মুক্তিযোদ্ধার নামাঙ্কিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। তবে জেলার অনেক শহীদ মুক্তিযোদ্ধার নাম না থাকায় এ নিয়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। স্মৃতিস্তম্ভে বাদপড়া শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সংযোজন করার দাবিতে শহরে প্রতিবাদ বিক্ষোভও হয়েছে একাধিকবার। এ আপত্তির কারণে নির্মাণের নয় বছর পরও স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা যায়নি।
কক্সবাজার জেলা পরিষদ ও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ২০০৬ সালে এপ্রিল মাসে প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়। কক্সবাজার জেলা পরিষদের অধীনে এটির নির্মাণকাজ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্মৃতিস্তম্ভের কালো ফলকে উৎকীর্ণ করা হয় ১০ জন শহীদের নাম। এঁরা হলেন আবদুল হামিদ, গোলাম কাদের, গোলাম সাত্তার, ক্যাপ্টেন মকবুল আহমদ, সিদ্দিক আহমদ, হাবিলদার আবুল কাশেম, ইজিহার মিয়া, সিপাহী লাল মোহাম্মদ, শামসুল আলম ও এস এম জাহাঙ্গীর।
তবে স্মৃতিস্তম্ভটি নির্মাণের পর স্থানীয় অনেক শহীদের নাম না দেখে জেলার মুক্তিযোদ্ধা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে। ছাত্র ইউনিয়নসহ মুক্তিযুদ্ধের সপক্ষের একাধিক সংগঠন নানা সময়ে বিক্ষোভও করে। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে নতুন করে বাদপড়া শহীদদের নাম পাঠানো হয়নি। প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নকশা অনুযায়ী তৈরি স্মৃতিস্তম্ভে নতুন করে শহীদদের নাম সংযোজন করার মতো জায়গা নেই। আর এ কারণে স্মৃতিস্তম্ভটি নয় বছেরও উদ্বোধন হয়নি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রমজান আলী বলেন, ‘এই স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া অনেকের নাম বাদ পড়েছে। তাই অসম্পূর্ণ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন হচ্ছে না। আমরা চাই, নতুন প্রজন্ম জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নাম জানুক। বাদপড়া শহীদদের নাম সংযোজনের ব্যাপারে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চলছে।’
কক্সবাজার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম জানান, বিজয়ের মাস ডিসেম্বর এলেই স্মৃতিস্তম্ভ থেকে বাদ পড়া শহীদদের নিয়ে আলোচনা চলে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরতে পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ দরকার।
জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শংকর বড়ুয়া জানান, ২০০৬ সালে স্মৃতিস্তম্ভটি নির্মাণ শেষ হওয়ার পরপরই তাঁরা বাদ পড়া শহীদদের নাম সংযোজনের দাবিতে শহরে আন্দোলন শুরু করেন। হরতাল, অবরোধ ও অনশন কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। এ সময় বাদ পড়া শহীদদের তালিকা জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব দপ্তরে জমা দেওয়া হয়েছিল। কিন্তু এ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। নয় বছর ধরে স্মৃতিস্তম্ভটি অযত্ন-অবহেলায় পড়ে আছে।
কক্সবাজার বিজয়মেলা উদ্যাপন পরিষদের সভাপতি মুজিবুর রহমান জানান, স্মৃতিস্তম্ভে বাদ পড়া শহীদদের নাম অন্তর্ভুক্তির ব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চাওয়া হবে। সহযোগিতা না পেলে আন্দোলন চলবে।
জেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের কাছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাদপড়া শহীদদের একটি তালিকা পাঠিয়েছেন। এঁদের মধ্যে আছেন কক্সবাজারের প্রথম শহীদ মোহাম্মদ শরীফ, শহীদ বুদ্ধিজীবী সাবের আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের এ টি এম জাফর আলম চৌধুরী ও চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাসের সময় প্রতিবাদ করতে গিয়ে শহীদ হওয়া সিপাহি আকতার হোসাইন। এ ছাড়া তালিকায় আরও যেসব শহীদদের নাম এসেছে তাঁরা হলেন, এনামুল হক, আমিন হামজা, সুভাষ, ফরহাদ, মো. ইলিয়াছ মাস্টার, হাবিলদার রহিম বখশ, মেহের আহমদ, জোনাব আলী, ভট্ট মহাজন, সিপাহি আবুল হোসেন, মাস্টার শাহ আলম, আহমদ বশির, কবির আহমদ, অজিত পাল, নির্মল ধর, মোহাম্মদ আলী, পিয়ারী মহাজন, স্বপন ভট্টাচার্য, মনিন্দ্র নাথ দে, নুরুচ্ছফা চৌধুরী, জ্ঞানেন্দ্র লাল চৌধুরী, সতীশ মহাজন দে, মো. শামসুল ইসলাম, আবদুস সাত্তার, অনিল কান্তি দাশ ও শশাঙ্ক বড়ুয়া।
জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী জানান, মুক্তিযুদ্ধ বষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০০৬ সালে গণপূর্ত বিভাগ প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছিল। এখন বাদপড়া শহীদদের নাম স্মৃতিস্তম্ভে অন্তর্ভুক্তির পরিকল্পনা চলছে।