সব শিশু পাচ্ছে না স্বাস্থ্যসেবা
জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে দেশের সব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো যাচ্ছে না। ২০০৮-০৯ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ৫ দশমিক ৭১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১২-১৩ অর্থবছরে ৪ দশমিক ৮৭ শতাংশে নেমে আসে। ২০১০-১১ থেকে ২০১২-১৩, এই তিন অর্থবছর ধরে স্বাস্থ্য খাতের বাজেট জিডিপির ০ দশমিক ৯ শতাংশের কাছাকাছি স্থির হয়ে আছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বলছেন, দেশে প্রত্যেক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে এ খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে।উপজেলা ও গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ভালো নয়। প্রয়োজনীয় চিকিৎসক, চিকিৎসা-সরঞ্জাম ও ওষুধের অভাবে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের লোকজন শহরের হাসপাতালগুলোতে ভিড় করছে। এতে বিশেষ করে শিশুরা দুর্ভোগের মুখে পড়ছে। সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে অনেক শিশু। দেশের কয়েকটি স্থানে আমাদের প্রতিনিধিদের অনুসন্ধানে এমন চিত্রই উঠে এসেছে।জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আবদুল ওয়াহাব গত শনিবার তাঁর তিন বছরের ছেলেকে নিয়ে রাজধানীর মহাখালী অবস্থিত আইসিডিডিআরবি হাসপাতালে এসেছেন। কয়েক মাস ধরে জটিল পেটের পীড়ায় ভুগছে শিশুটি। আবদুল ওয়াহাব বলেন, ‘গ্রাম থেকে আসতে অনেক কষ্ট। আমরা গরিব মানুষ। এমন সেবা গ্রামে থাকলে ঢাকায় আসতে হতো না।’ সুনামগঞ্জের তাহিরপুর থেকে বাবার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে আমিনা সুলতানা (১৪)। কয়েক মাস ধরে সে জ্বরে ভুগছে। তাহিরপুরের কোনো চিকিৎসক তার রোগ ধরতে পারেননি। রোগ পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে।আবদুল ওয়াহাব ও আমিনার মতো প্রতিদিন বিভিন্ন জেলা থেকে এ রকম শত শত মানুষ তাঁদের নিজেদের বা সন্তানদের চিকিৎসার জন্য রাজধানীতে আসেন। অনেকে অর্থের অভাবে আসতেও পারেন না। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বরিশল গ্রামের চার বছরের শিশু আশিকুর রহমান প্রায় তিন বছর ধরে কিডনির জটিল রোগে আক্রান্ত। জেলা সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়েছে। কিন্তু গত এক মাস সে আর বিছানা থেকে উঠতে পারছে না। ১২ দিন আগে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে শিশুটি। কিন্তু এখানে তার জন্য চিকিৎসা কিংবা ওষুধ, কোনোটাই নেই। শুধু তা-ই নয়, দুই মাস ধরে শিশুদের সাধারণ জ্বরের প্যারাসিটামল সিরাপও নেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে। আশিকুর রহমানের চিকিৎসা বিষয়ে চিকিৎসক আ স ম তারেক ভূইয়া প্রথম আলোকে জানান, শিশুটি কিডনির জটিল রোগে আক্রান্ত। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসায় সে সুস্থ হয়ে যেতে পারে। আখাউড়ায় এই শিশুর চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ঢাকায় পাঠানো সম্ভব হলেও শিশুটির পরিবার গরিব বলে তাঁরা এখানেই পড়ে আছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম বলেন, চিকিৎসার সরঞ্জাম সীমিত আর বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় গুরুতর অসুস্থ শিশুদের জেলা সদর ও ঢাকামুখী হতে হচ্ছে। সরকার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালে হয়তো এসব সমস্যার সমাধান হতো। কিন্তু সরকারের এদিকে কোনো নজরই নেই। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের গীতা রানী শিকদার (৩২)। গত ২৪ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি একটি অকালিক (প্রি ম্যাচিউর) সন্তানের জন্ম দেন। হাসপাতালে ইনকিউবেটর না থাকায় শিশুটিকে জন্মের পর চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুধু গীতা রানীর সন্তান নয়, এ স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন মাসে চিকিৎসা নিতে আসা অন্তত আটটি অকালিক শিশুকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠাতে হয়েছে। চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা শিশুরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। শিশুর শ্বাসকষ্ট ও জন্ডিস রোগ এবং অপরিণত শিশুর চিকিৎসা দিতে হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রোগীদের বিভাগীয় শহর ও রাজধানীতে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। হবিগঞ্জের আটটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশুদের জন্য আলাদা করে কোনো ওয়ার্ড নেই। নেই কোনো শিশুবিশেষজ্ঞও। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের জন্য ওষুধ বা খাবার বরাদ্দ নেই। যে খাবার দেওয়া হয়, তা-ও বড়দের খাবার ও সীমিতসংখ্যক রোগীর জন্য। হবিগঞ্জের সিভিল সার্জন সফিকুর রহমান বলেন, ‘আমরা শিশুদের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ পাই না। তবে গরিব শিশুদের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে দুধ দেওয়া হয়।’ রাঙামাটির কাপ্তাই উপজেলা হাসপাতালেও শিশুদের জন্য কোনো আলাদা ওয়ার্ড নেই। সে কারণে হাসপাতালে ভর্তি শিশুদের জন্য আলাদা খাবারের ব্যবস্থাও নেই। হাসপাতালে সাধারণত যে খাবার দেওয়া হয়, শিশুদেরও তা-ই দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপ দেওয়ান জানান, হাসপাতালে কোনো শিশুবিশেষজ্ঞের পদ নেই। তবে মহিলা ওয়ার্ডের সঙ্গে অসুস্থ শিশুদের সমন্বিত ব্যবস্থাপনা কর্নার (আইএমসিআই) রয়েছে। পাঁচ বছরের নিচের শিশুদের জন্য একজন চিকিৎসক দায়িত্বে থাকেন।পঞ্চগড় জেলার দুই লক্ষাধিক শিশুর জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। বাধ্য হয়ে শিশুদের চিকিৎসার জন্য অভিভাবকদের দিনাজপুর-রংপুর ছুটতে হয়। সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে শিশুদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ নেই। বাইরে থেকে ওষুধ কিনতে হয়। সিরাজগঞ্জ জেলা সদরের হাসপাতালে শিশুদের জন্য একটি ওয়ার্ড থাকলেও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশুদের চিকিৎসার জন্য নেই কোনো ব্যবস্থা। সরকারিভাবে প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ থাকলেও হাসপাতালগুলোতে ভর্তি হওয়া শিশুরা তা পাচ্ছে না। সারা জেলায় সরকারিভাবে শুধু একজন শিশুবিশেষজ্ঞ রয়েছেন। শিশুদের জন্য কোনো বিশেষায়িত হাসপাতাল না থাকায় শেরপুরের শিশুদের চিকিৎসার একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। কিন্তু জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চাহিদার তুলনায় অপ্রতুল শয্যার কারণে অধিকাংশ শিশুকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসাসেবা নিতে হয়। যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে ৫০-৬০ জন শিশু চিকিৎসা নেয়। এখানে এমবিবিএস চিকিৎসকেরা স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে শিশুদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কর্নারের চিকিৎসক কামরুজ্জামান জানান, সাধারণ নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টের রোগীদের জন্য এখানে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হলেও জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যশোরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল্রঅথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে থাকে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুদের জন্য প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতির কিছুই নেই। তিন বছর আগে শিশু ওয়ার্ডে একটি ইনকিউবেটর দেওয়া হলেও তা প্রথম থেকেই অচল। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে নেবুলাইজার দিয়ে প্রাথমিক কাজ সারা হয়। বেশি সমস্যা হলে রোগীকে জেলার বাইরের হাসপাতালে নিতে বলা হয়। চিকিৎসাধীন রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে এসেও প্রয়োজনীয় সব ওষুধই বাইরে থেকে কিনতে হয়েছে।এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক মোছাব্বের হোসেন,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দুলাল ঘোষ, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি একেএম ফয়সাল, হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক রাঙামাটি হরিকিশোর চাকমা, পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক, শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, কেশবপুর (যশোর) দিলীপকুমার ও চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম।