
মঙ্গলবার বিকেল চারটা। আকাশজুড়ে বেশ মেঘ। তার পরও মানুষে গম গম করছে পলোগ্রাউন্ড মাঠের বাণিজ্য মেলা প্রাঙ্গণ। এক স্টল থেকে আরেক স্টলে ঢুঁ মারছেন ক্রেতারা। ছোট ছোট দলগুলো দেখেই বোঝা যায়, পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন সবাই। প্রায় সবার হাতেই কমবেশি ছোট-বড় প্যাকেট। কারও হাতে বিছানার চাদর, কারও হাতে ননস্টিকের তৈজসপত্র। সুযোগ বুঝে দৃষ্টিনন্দন প্যাভিলিয়নের সামনে সেলফি তোলার সুযোগও হাতছাড়া করছেন না অনেকে।
এ চিত্র নগরের পলোগ্রাউন্ড মাঠে চলা মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মেলা শুরু হয়েছে গত ১১ মার্চ থেকে। গত দুই যুগে সব শ্রেণির ক্রেতার মিলনমেলায় পরিণত হয়েছে এ মেলা। কী নেই এখানে! মেলার মাঝ-বরাবর সব প্যাভিলিয়ন। এতে প্রদর্শিত হচ্ছে বড় শিল্প গ্রুপের পণ্য। আর দুই পাশের স্টলে রয়েছে নিত্য ব্যবহারের জিনিস থেকে শুরু করে প্রসাধনী, ক্রোকারিজ, খাদ্যসামগ্রী, আসবাব, ঐতিহ্যবাহী জামদানি-মসলিনের শাড়ি, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, চামড়া ও পাটজাত পণ্য ইত্যাদি। অংশ নিয়েছে ছোট-বড় অনেক প্রতিষ্ঠান।
১৯৯৩ সালে নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন আউটার স্টেডিয়ামে ছোট্ট পরিসরে প্রথমবারের মতো বাণিজ্য মেলার আয়োজন করেছিল চট্টগ্রাম চেম্বার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হয়েছে, বেড়েছে মেলার পরিসরও। এবার মেলার পরিসর চার লাখ বর্গফুট। মেলায় সুদৃশ্য ৪৩টি প্যাভিলিয়ন ও ২৩১টি ছোট-বড় স্টল রয়েছে। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় থাইল্যান্ড, ভারত, চীন ও ইরানের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। নয় বছর ধরে এই মেলার কান্ট্রি পার্টনার হিসেবে আছে থাইল্যান্ড।
আয়োজকেরা বলছেন, লাভের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয় না। দেশীয় পণ্যের পরিচিতি এবং স্থানীয় ও রপ্তানি বাজার সম্প্রসারণ মূল উদ্দেশ্যে। পাশাপাশি ক্রেতারা যাতে এক প্রাঙ্গণ থেকে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী সুলভ দামে কিনতে পারেন সেই দিকেও নজর দেওয়া হয়।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘গত দুই যুগে আমাদের অর্জন কম নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহায়তা করা মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এই মেলায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তার দেশীয় বাজার সম্প্রসারণে সফল হয়েছে। প্রতিবছরই নতুন নতুন প্রতিষ্ঠান অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে। এ ছাড়া মেলাটি আমরা সব শ্রেণির ক্রেতার মিলনমেলায় পরিণত করতে পেরেছি।’
চট্টগ্রাম বাণিজ্য মেলায় এবারই প্রথম অংশ নিয়েছে ‘লিগ্যাসি ফার্নিচার’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চট্টগ্রাম শাখার ইনচার্জ শাহ আলম বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছি। চট্টগ্রামে এবারই প্রথম। গ্রাহকদের কাছে আমাদের পণ্য তুলে ধরার জন্য মেলায় অংশ নেওয়া। যারা অ্যান্টিক ধাঁচের আসবাব পছন্দ করেন, তাঁরা নিশ্চিতভাবে আমাদের পণ্য পছন্দ করবেন।’
নতুন বা স্বল্প পরিচিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মেলায় বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতিবছর নানা দেশের কূটনীতিক ও ব্যবসায়ী নেতারা বাণিজ্য মেলা পরিদর্শন করেন। বাংলাদেশের পণ্য সম্পর্কে তাঁরা ধারণা পান। অনেক বিদেশি ব্যবসায়ী মেলায় পণ্য পছন্দ করে পরে রপ্তানি আদেশ দিয়েছেন এমন অনেক উদাহরণ আছে। এ ক্ষেত্রে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) বা বিআরবি কেবলসের নাম বলা যায়।
মেলায় দেখা গেছে, ক্রেতাদের বেশির ভাগ নারী। বেশি ভিড় দেখা গেল প্রসাধনী, গয়না, পোশাক, খাদ্য, প্লাস্টিক সামগ্রী ও তৈজসপত্রের স্টলে।
মেলায় ঘুরে হাত ব্যাগ ও টুকিটাকি গয়না কিনছিলেন রংপুর মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। তাঁদের একজন ইন্দ্রাণী মণ্ডল বললেন, শিক্ষাসফরে চট্টগ্রামে আসা। মেলায় ঘুরতে খুব ভালো লাগছে।
মা, বোন আর সন্তানকে নিয়ে মেলায় ঘুরতে আসেন পাহাড়তলীর বাসিন্দা রেহানা আনোয়ার। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবছরই এ মেলায় আসি। মেলাটির জন্য অপেক্ষা করি। কারণ, চট্টগ্রামের সবচেয়ে বড় ও জমজমাট মেলা এটি।
মেলার অর্জন নিয়ে সন্তুষ্টি থাকলেও স্থায়ী ভেন্যু না থাকার আক্ষেপ রয়েছে আয়োজকদের। এ বিষয়ে চেম্বার সভাপতি বলেন, ‘খেলার মাঠে মেলা করতে হয় আমাদের। এই নিয়ে নানা মহলে সমালোচনা রয়েছে। কিন্তু বাধ্য হয়ে খেলার মাঠে মেলা করতে হয়। এ জন্য আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে একটি স্থায়ী ভেন্যুর দাবি জানিয়ে আসছি। আমাদের আরও বড় জায়গা দরকার। জায়গা সংকুলান না হওয়ায় আগ্রহী অনেক প্রতিষ্ঠানকে স্টল দিতে পারছি না।’