চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, প্রমতোষ দেওয়ান রাজপরিবারের প্রতিনিধি হলেও রাঙ্গুনিয়ার আপামর জনগণের বন্ধু ছিলেন। তাঁর কর্ম তাঁকে আজীবন বাঁচিয়ে রাখবে। তিনি সব সম্প্রদায়ের প্রিয় মানুষ ছিলেন। তিনি বলেন, রাজপরিবার ও রাঙ্গুনিয়ার মানুষ একে অপরের পরম আত্মীয়। এই বন্ধন রাজপরিবার আজীবন সুদৃঢ় রাখবে।
১ মে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজা নগর ইউনিয়নের রাজারহাট এলাকার রাজবাড়ি প্রাঙ্গণে চাকমা রাজপরিবারের প্রতিনিধি প্রমতোষ দেওয়ানের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল সালাম সিকদারের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন এনায়েতুর রহিম, শামসুল আলম, আহমদ ছৈয়দ তালুকদার, ইকবাল হোসেন চৌধুরী, আইয়ুব রানা, নাসির উদ্দিন আহমেদ, আবু মুছা, আবদুর রহমান, মুক্তার আহমদ, আবু নোমান, রুমেল দেওয়ান, মুছা তালুকদার, জামাল উদ্দিন, মঞ্জুরুল আলম, মো. আলমগীর, নাসির উদ্দীন প্রমুখ।