সব সময় নাচে মঞ্চ মাতাতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা নাচের মানুষ। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় হন প্রথম রানারআপ। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী। অবশ্য পেশাগতভাবে হতে চলেছেন চিকিৎসক। মাঝেমধ্যে ফটোশুটে দাঁড়ান ক্যামেরার সামনেও। কাজের প্রয়োজনে এখন থিতু হয়েছেন ঢাকায়। ২৪ ফেব্রুয়ারি মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে

এখন ব্যস্ততা

নৃত্যশিল্পী প্রথমা l ছবি: সংগৃহীত
নৃত্যশিল্পী প্রথমা l ছবি: সংগৃহীত

এমবিবিএস শেষ হলো। এখন ইন্টার্নশিপ নিয়ে ব্যস্ত সময় কাটছে। নাচে সময় কম দিতে পারছি। তারপরও ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে যোগ দেওয়া চলছে। আছি ঈগলস ড্যান্স কোম্পানির সঙ্গে। ইন্টার্নশিপ শেষ হলে আবারও পুরোদমে নাচেই সময় দেব।
যেভাবে শুরু
নাচের শুরু সাড়ে তিন বছর বয়সে। সঙ্গীতা চক্রবর্তীর কাছে হাতেখড়ি। মায়ের (জয়ন্তী দাস) ইচ্ছায় নাচে আসা। আর বাবা (সুভাষ দাস) চাইতেন গান করি। আমি দুইয়ের মাঝে সমন্বয় করেছি। তালিম নিয়েছি নাচ-গান দুটোই। তবে নাচেই আমার মন মজেছে। তাই গানের তালিম নেওয়ার পরও বেশি দূর এগোয়নি। নাচে নিজেকে পোক্ত করতে বিভিন্ন সময় শিখেছি অনন্য বড়ুয়া ও স্বপন বড়ুয়ার কাছে। শাস্ত্রীয় নৃত্যে ভরত নাট্যমে আমার গুরু শুভ্রা সেনগুপ্তা। এ ছাড়া নাচে শিশু একাডেমি ও শিল্পকলায় চার বছরের কোর্স করেছি।
গান আর অভিনয়ে?
গানের চার বছরের কোর্স করেছি শিশু একাডেমি থেকে। শিশুশিল্পী হিসেবে বিভিন্ন সময় অভিনয় করেছি কিডস কালচারাল ইনস্টিটিউটের হয়ে। নাটক নিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম।
অর্জনের ঝুলি
ছোটবেলা থেকে সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। ২০০৩ সালে নতুন কুঁড়িতে অভিনয়ে দ্বিতীয় ও ২০০৫ সালের জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় শাস্ত্রীয় নৃত্যে প্রথম হই। এ ছাড়া কিডস কালচারাল ইনস্টিটিউটের হয়ে আন্তর্জাতিক থিয়েটার উৎসবে গিয়ে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলাম। বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে জিতেছি তিনটি স্বর্ণপদক। তবে সেরা অর্জন চ্যানেল আই সেরা নাচিয়েতে প্রথম রানারআপ হওয়া। জাতীয় পর্যায়ের বড় এই প্রতিযোগিতা আমার আত্মবিশ্বাসের ভিত মজবুত করেছে। নিজেকে নতুনভাবে চেনার সুযোগ হয়েছে। সেখানে সব ধরনের নাচ করতে হয়েছে। গ্রুমিং সেশন ছিল অসাধারণ। অনেক কিছু শিখেছি। সবচেয়ে মজার ব্যাপার নাচের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও এমবিবিএসের পড়াশোনার জন্য পারিনি। তা ছাড়া আমি থাকতাম চট্টগ্রামে। এখন অভিনয়েও এগোব। চিকিৎসক নাকি নৃত্যশিল্পী, কোনটি আগে?
দুটোই সমানতালে চলবে। পেশা হিসেবে চিকিৎসক। আর মনের খোরাক জোগায় নাচ। তাই নাচও থাকবে সারা জীবন। সব সময় মঞ্চ মাতাতে চাই। অবশ্য আমার ঘর থেকেই এ জন্য সহযোগিতা পেয়ে আসছি। মা-বাবার প্রেরণা ছিল বেশি। আমি এত দূর আসার পেছনে রয়েছে তঁাদের ভালোবাসা। ঘরও বেঁধেছি নাচের মানুষের সঙ্গে। আমার স্বামী ইমন রহমান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। সব কাজে তিনি বন্ধুর হাতটি বাড়িয়ে দেন।
কথোপকথন: আশরাফ উল্লাহ