১৯৭১ সালের ৬ ডিসেম্বর। সকাল ১০টার দিকে সাব কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ফেনী শহরের দিকে অগ্রসর হতে থাকে। আগের রাতেই পালিয়েছে পাকিস্তানি বাহিনী। তাই প্রতিরোধ ছাড়াই শহরে ঢুকে গেলেন মুক্তিযোদ্ধারা। সেদিনের সকালের ঝলমলে রোদে মুক্ত হলো ফেনী।আগের রাতে যে পাকিস্তানিরা পালিয়েছে, তখনো সে খবর শহরবাসী জানত না। অন্যান্য দিনের মতো শহর ছিল ফাঁকা। রাস্তাঘাটে লোকজন নেই। দোকানপাটও ছিল বন্ধ। মুক্তিযোদ্ধারা শহরে ঢুকেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। প্রথমে পাড়ার অলিগলিতে দু-চারজন লোক দেখা গেলেও স্লোগান শোনার সঙ্গে সঙ্গে তারাও ভয়ে দ্রুত বাড়িঘরে ঢুকে যায়। স্থানীয় লোকজনের ধারণা ছিল ‘জয় বাংলা’ স্লোগান হয়তো রাজাকারদের ফাঁদ। পরে যখন বুঝতে পারে ফেনী হানাদারমুক্ত হয়েছে, শহরে মুক্তিযোদ্ধারাই স্লোগান দিচ্ছেন, তখন পাড়া-মহল্লা থেকে স্রোতের মতো হাজারো মানুষ বেরিয়ে আসে। গোটা শহর মুখর হয়ে ওঠে মিছিলে মিছিলে। মুক্তিযোদ্ধাদের কাছে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়ে। এভাবেই ফেনী মুক্ত দিবসের কথা স্মরণ করেন মুক্তিযোদ্ধা কাজী মোস্তফা কামাল, সাহজাহান মাস্টার ও আবদুল আজিজ চৌধুরী। প্রথম প্রতিরোধ: ২৫ মার্চ রাতে পাকসেনাদের একটি দল অবস্থান নেয় ফেনীর তৎকালীন সিও অফিসে (বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়)। পরদিন সকালে পাকসেনাদের অবস্থান জানাজানি হলে ছাত্র-জনতা দেশীয় অস্ত্র নিয়েই দলে দলে সিও অফিস ঘেরাও করে। এতে সেনাবাহিনী, ইপিআর ও আনসারের ছুটিতে থাকা বা অবসরপ্রাপ্ত সৈনিকেরাও অংশ নেন। স্থানীয় বিরাজ মজুমদারের বাড়িতে চিঁড়া আর মুড়ি খাওয়ার আয়োজন করা হয়। পাকসেনারা নির্বিচারে গুলি চালিয়েও কাউকে হটাতে পারেনি। ২৭ মার্চ মুক্তিকামী জনতা হামাগুড়ি দিয়ে সিও অফিসের কাছে গিয়ে ভবনের চারপাশে আগুন দেয়। জনতা একজন ক্যাপ্টেনসহ সাতজনকে পিটিয়ে হত্যা করে। একই দিন ফেনী নদীর শুভপুর সেতু পাহারারত অপর সাত পাকসেনাকেও জনতা ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর ২২ এপ্রিল পর্যন্ত মুক্ত থাকে ফেনী। অবশ্য এপ্রিলের মাঝামাঝিতে পর পর দুবার ফেনীর ওপর বিমান থেকে ব্যাপক গোলাবর্ষণ ও সেলিং করা হয়। ২৩ এপ্রিল পাকিস্তানি বাহিনী নোয়াখালী ও কুমিল্লা থেকে একযোগে এসে ফেনী তাদের নিয়ন্ত্রণে নেয়।মুক্ত দিবসে নানা কর্মসূচি: ফেনী মুক্ত দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে শহরে শোভাযাত্রা ও ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল তিনটায় একই স্থানে প্রথম আলো ফেনী বন্ধুসভা ফেনীর সাতজন খেতাবপ্রাপ্ত বীর বিক্রম ও বীর প্রতীককে সংবর্ধনা দেবে। এ ছাড়া ফেনী পৌরসভা মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।